রাজধানীর গুলশান-১-এর ডিসিসি মার্কেটের ১৪টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে নিষিদ্ধঘোষিত পলিথিন ব্যাগ বিক্রি এবং মজুদ রাখার অভিযোগে আদালত এ জরিমানা করেন।এ সময় ওই প্রতিষ্ঠানগুলো থেকে প্রায় ৫০০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়।পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক সুকুমার বিশ্বাস জানান, ৩ মে বিভিন্ন মার্কেটের প্রতিনিধিদের সভার জন্য ডাকা হয়েছিল। ওই সভায় পলিথিন বিক্রি বন্ধ করার জন্য তাঁদের অনুরোধ করা হয়েছিল। কিন্তু সেদিন সবাই উপস্থিত ছিলেন না।সুকুমার বিশ্বাস জানান, আজ সবাই অঙ্গীকার করেছেন, তাঁরা আর পলিথিন বিক্রি কিংবা মজুদ করে রাখবেন না।ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফা আহম্মেদ পরিচালিত এই অভিযানের সময় মহানগর দাঙ্গা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।