গুলি করার পর হাত ভেঙে দিল সন্ত্রাসীরা
নাটোরের সিংড়া উপজেলার বামিহাল বাজারে পূর্বশত্রুতার জের ধরে দুজনকে গুলি করেছে সন্ত্রাসীরা। গুলি করার পর একজনের হাত ভেঙে দেয় তারা। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ দুজন হলেন এনামুল (৩২) এবং তাঁর চাচা আফজাল হোসেন (৪৫)। সন্ত্রাসীরা এনামুলকে পাঁচটি ও আফজাল হোসেনকে তিনটি গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় এনামুল পড়ে গেলে সন্ত্রাসীরা তাঁর হাত ভেঙে দেয়। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও আহত আফজাল হোসেনের ভাই বাবুল হোসেন বলেন, ‘২০০৮ সালের ২৭ জুলাই সন্ত্রাসীরা সিংড়া পুলিশের সহযোগিতায় আমার ভাই আনছার আলীকে গুলি করে হত্যা করে। পুলিশ এই ঘটনাকে ক্রসফায়ার বলে প্রচার করে। পরে সাত পুলিশসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা আদালতে হত্যা মামলা করি। বিচার বিভাগীয় তদন্তে ক্রসফায়ারের ঘটনা মিথ্যা প্রমাণিত হয় এবং পরিকল্পিত হত্যা হিসেবে নিয়মিত মামলা হয়। এই মামলায় সিংড়া থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাত পুলিশ ও তাদের সহযোগীরা আদালতে হাজির হলে আদালত তাদের কারাগারে পাঠান। পরে উচ্চ আদালত থেকে তারা জামিনে মুক্ত হয়। জামিন পাওয়ার পর থেকে তারা আমাদের মামলা তোলার জন্য চাপ দিচ্ছিল। ওই ঘটনার জের ধরেই আজ আমার ভাই ও ভাতিজাকে গুলি করে ঝাঁজরা করে দিয়েছে।’নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি চলছে।