গুলি করার বিধান প্রচলিত আইনেই আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নাশকতাকারীদের দমনে দেখামাত্র গুলি করার নির্দেশের ব্যাপারে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি বলেছেন, ‘নাশকতামূলক কাজ প্রতিরোধে প্রচলিত আইন অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রচলিত আইনেই বলা হয়েছে, ক্ষেত্র বিশেষে পুলিশ বা নিরাপত্তা বাহিনী গুলি করতে পারে।’আজ বুধবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদর দপ্তরে সংস্থাটির নবম বর্ষপূর্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। সাংবাদিকরা তাঁর কাছে জানতে চেয়েছিলেন, ‘নাশকতাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ আপনি দিয়েছেন কি না?’স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব সি কিউ এম মোশতাক আহমেদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এবং র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ‘পত্রিকাটির প্রতিবেদন আমার নজরে এসেছে। আপনারা ভালো করে পড়লে বুঝতে পারবেন সেখানে কী বলা হয়েছে।’এ সময় একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে আপনি সেই নির্দেশ দিয়েছেন।’ জবাবে মন্ত্রী বলেন, ‘আপনি ভালো করে পড়ে দেখুন আসলে কী বলা হয়েছে। আমরা যা বলেছি তা স্পষ্ট। আমরা বলেছি, যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নিতে।’ প্রসঙ্গত ‘নাশকতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ!’ শিরোনামে আজ ‘প্রথম আলো’য় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতেই সাংবাদিকেরা এসব প্রশ্ন করেন।উল্লেখ্য, পুলিশ প্রবিধানের ১৫৩র ধারায় বলা হয়েছে, ‘যুক্তিসংগত আশঙ্কার কারণ ঘটিলে এবং জীবন ও সম্পত্তি ধ্বংসের আশঙ্কা দেখা দিলে পুলিশ কনস্টেবলও আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন।’বৈঠকে অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। কবে ব্যবস্থা নেওয়া হবে সেটা এখন বলা যাবে না।’এর আগে সকালে র্যাবের নবম বর্ষপূতির অনুষ্ঠানে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যান। মন্ত্রী সেখানে র্যাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে র্যাবের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়।