গুলি করার বিধান প্রচলিত আইনেই আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতাকারীদের দমনে দেখামাত্র গুলি করার নির্দেশের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি বলেছেন, ‘নাশকতামূলক কাজ প্রতিরোধে প্রচলিত আইন অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রচলিত আইনেই বলা হয়েছে, ক্ষেত্রবিশেষে পুলিশ বা নিরাপত্তা বাহিনী গুলি করতে পারে।’গতকাল বুধবার র‌্যাব সদর দপ্তরে সংস্থাটির নবম বর্ষপূর্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান, নাশকতাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ আপনি দিয়েছেন কি না।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পত্রিকার প্রতিবেদন আমার নজরে এসেছে। আপনারা ভালো করে পড়লে বুঝতে পারবেন সেখানে কী বলা হয়েছে।’ এ সময় একজন সাংবাদিক প্রশ্ন করেন, পত্রিকার (প্রথম আলো) প্রতিবেদনে বলা হয়েছে, আপনি সেই নির্দেশ দিয়েছেন। জবাবে মন্ত্রী বলেন, ‘আপনি ভালো করে পড়ে দেখুন, আসলে কী বলা হয়েছে। আমরা যা বলেছি তা স্পষ্ট। আমরা বলেছি, যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেবে।’‘নাশকতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ!’ শিরোনামে গতকাল বুধবার প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। এর প্ররিপ্রেক্ষিতেই সাংবাদিকেরা এসব প্রশ্ন করেন।বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান।অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। কবে ব্যবস্থা নেওয়া হবে, সেটা এখন বলা যাবে না। র‌্যাবের নবম বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী সকালে র‌্যাব সদর দপ্তরে যান। সেখানে এক বৈঠকে র‌্যাবের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়।বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, র‌্যাবের পক্ষ থেকে শতভাগ ভাতা দাবি করা হয়। বর্তমানে র‌্যাবের নিয়োগ পাওয়া কর্মকর্তারা তাঁদের বেতনের অতিরিক্ত ৭০ শতাংশ ভাতা পেয়ে থাকেন। এ ছাড়া র‌্যাবে সশস্ত্র বাহিনীর সংখ্যা বাড়ানোর কথাও বলা হয়। র‌্যাবের হিসাব অনুসারে, নির্ধারিত ৬৬৪ জন কর্মকর্তার বিপরীতে বর্তমানে ২৬৭ জন কর্মকর্তা আছেন। ৩৯৭টি পদ খালি আছে। র‌্যাবের পক্ষ থেকে এসব পদে কর্মকর্তা নিয়োগের প্রস্তাব করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে একজন পুলিশ কর্মকর্তা বলেন, র‌্যাবের রেশন-সুবিধা ব্যাটালিয়ন পুলিশের মতোই। তারা সম্পূর্ণ রেশন পায় না। এ কারণে তাদের রেশন বাড়ানোর প্রস্তাব করা হয়।সাইবার অপরাধ দমন-সংক্রান্ত আলোচনায় একজন কর্মকর্তা বলেন, আইন প্রয়োগে দুর্বলতা থাকার কারণে সাইবার অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা ছাড়া পেয়ে যাচ্ছে। বিচার না পাওয়ার কারণে অনেকে অভিযোগ করতে আসেন না। সাইবার অপরাধের জন্য আদালত নির্ধারিত করে দিলে এ সমস্যা মিটে যাবে। র‌্যাবের নতুন ব্যাটালিয়নের ব্যাপারে একজন কর্মকর্তা বলেন, ময়মনসিংহ ও রংপুর এলাকার জন্য র‌্যাবের আরও দুটি ব্যাটালিয়ন করার প্রস্তাব সরকারের বিবেচনায় আছে। এ-সংক্রান্ত ফাইল অর্থ মন্ত্রণালয়ে আছে।বৈঠকের পর র‌্যাব সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।