গুলি করে গাড়ি থেকে ১৫ লাখ টাকা ছিনতাই
ব্যস্ত সড়কে দিনে-দুপুরে প্রাইভেট কারে গুলি করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর সেগুনবাগিচায় গতকাল এ ঘটনা ঘটে। তবে গুলির ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা পৌনে দুইটার দিকে সেগুনবাগিচার আলমপনা টাওয়ারের সামনে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন যুবক অস্ত্র ঠেকিয়ে একটি প্রাইভেট কারের গতি রোধ করে। তারা লোহার রড দিয়ে গাড়ির সামনের ও ডান পাশের কাচ ভেঙে ফেলে। এরপর দুটি গুলি করে গাড়িতে থাকা তিন আরোহীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাই করে। ঘটনার পর গাড়িচালক মো. শফি সাংবাদিকদের জানান, গাড়িটি টঙ্গীর চেরাগআলী মার্কেটসংলগ্ন জুভিনাইল গার্মেন্টস লিমিটেডের। গতকাল প্রতিষ্ঠানের মালিক মতিঝিলের জনতা ব্যাংক থেকে শ্রমিকদের বেতন বাবদ টাকাগুলো তোলেন। এরপর প্রতিষ্ঠানের দুই কর্মচারী আবুল বাশার ও ওমর ফারুককে নিয়ে টঙ্গীতে যাচ্ছিলেন। ছিনতাইকারীর ভয়ে টাকাগুলো কাগজে মুড়িয়ে একটি সাধারণ ব্যাগে ভরে গাড়ির পেছনের সিটে লুকিয়ে রাখেন। চালক জানান, মতিঝিল থেকে সেগুনবাগিচার দিকে ঢোকার পর অস্ত্রধারী যুবকেরা তাঁদের গতি রোধ করে। তারা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার আগে গুলি ছোড়ে। এতে তাঁরা ভয় পেয়ে দৌড়ে আশপাশের বাসায় আশ্রয় নেন। মতিঝিল থেকে টঙ্গী যেতে কেন সেগুনবাগিচায় ঢুকলেন? প্রশ্ন করা হলে প্রতিষ্ঠানের কর্মচারী আবুল বাশার বলেন, যানজটের কারণে পথ বদল করেন। তাঁরা চেয়েছিলেন সেগুনবাগিচা দিয়ে কাকরাইল হয়ে শেরাটন মোড়ে যাবেন। সিটের পেছনে লুকানো টাকার সন্ধান ছিনতাইকারীরা কীভাবে পেল? প্রশ্ন করা হলে আরেক আরোহী ফারুক বলেন, টাকাগুলো লুকানোর সময় সম্ভবত ছিনতাইকারীরা ওত পেতে ছিল। তবে রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাটি রহস্যজনক। প্রাইভেটকারের আরোহীরা সন্দেহের বাইরে নয়। টঙ্গী যাওয়ার পথে তাঁরা কেন সেগুনবাগিচায় ঢুকলেন তা স্পষ্ট নয়। তা ছাড়া, টাকাগুলো যে সিটের নিচে লুকানো ছিল তা ছিনতাইকারী কীভাবে জানতে পারল। ধারণা করা হচ্ছে, তিনজনের কেউ একজন ছিনতাইকারীদের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে গার্মেন্টসের মালিক ইউনুস বাদল ছিনতাইয়ের সঙ্গে কর্মচারীদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বলেন, অনেক দিন ধরেই তাঁরা তাঁর প্রতিষ্ঠানে কাজ করছেন। তাঁরা বিশ্বস্ত। তাঁর ধারণা, ব্যাংকের কেউ একজন ছিনতাইকারীদের বিষয়টি জানিয়ে দিয়েছে।