গুলি করে শেয়ার-ব্যবসায়ীর ৩২ লাখ টাকা ছিনতাই
রাজধানীর ব্যস্ততম দৈনিক বাংলার মোড়ে আজ মঙ্গলবার বিকেলে শেয়ার-ব্যবসায়ী ইউনুস মোল্লাকে (৩৫) গুলি করে তাঁর কাছ থেকে ৩২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক প্রথম আলোকে জানান, ইউনুসের কর্মচারী মোসাব্বির হোসেন এই ঘটনায় যুক্ত রয়েছে সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে তিনটি মোটরসাইকেলে পাঁচ-ছয় ছিনতাইকারী টয়েনবি সার্কুলার রোডে শেয়ার-ব্যবসায়ী ইউনুস মোল্লার রিকশার গতি রোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর বাঁ হাঁটুতে গুলি করে তাঁর কাছ থেকে হাতব্যাগ ভর্তি ৩২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। আহত শেয়ার-ব্যবসায়ী হাসপাতালে সাংবাদিকদের বলেন, দৈনিক বাংলার মোড়ের কাছে পৌঁছার পর তিনটি মোটরসাইকেল তাঁর রিকশাটি ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা গুলি করে তাঁর কাছ থেকে টাকার ব্যাগটি নিয়ে যায়। পল্টন থানার ওসি জানান, প্রাইম ব্যাংকের মতিঝিল শাখা থেকে ইউনুস ৭২ লাখ টাকা তোলেন। এর মধ্যে ইউনুসের কর্মচারী মোসাব্বির নিজের কাছে ৪০ লাখ টাকা রেখে বাকি ৩২ লাখ টাকা দেন ইউনুসকে। ওই টাকা নিয়ে দুজনই পৃথকভাবে ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরছিলেন। এ ঘটনায় মোসাব্বিরকে আসামি করে থানায় মামলা হবে। মোসাব্বিরের অসংলগ্ন ও বিভ্রান্তিমূলক তথ্যে সন্দেহ করা হচ্ছে, মোসাব্বির এই ছিনতাইয়ের নাটক সাজিয়েছে।