গুলি কি লাগল বিশ্বকাপে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাবিন্ডায় তখনো রক্তের দাগ শুকায়নি। বিশ্ব তখনো হজম করে উঠতে পারেনি ফুটবলের ওপর আরেকটা সন্ত্রাসী আক্রমণকে। বুধবার এরই মধ্যে আরেকবার কেঁপে উঠল আফ্রিকা মহাদেশ। সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটা স্টেডিয়ামে কিশোররা ফুটবল খেলছিল। মনের আনন্দেই বল নিয়ে ছোটাছুটি করছিল। হঠাত্ কোত্থেকে ঘাতক এক মর্টার এসে আছড়ে পড়ল স্টেডিয়ামের মাঠে। বিস্ফোরণের ভয়াবহ শব্দে কেঁপে উঠল পুরো শহর। ধোঁয়া সরে যেতে আবিষ্কৃত হলো কমপক্ষে ৯ জন কিশোর ফুটবলারের মৃতদেহ!আরেকবার কেঁপে উঠল দুনিয়া। আরেকবার মুখে কথা ফুটল সংশয়বাদীদের—এই আফ্রিকায় কি বিশ্বকাপ নিরাপদ!হ্যাঁ। ৮ জানুয়ারি টোগো ফুটবল দলের ওপর অ্যাঙ্গোলার বিদ্রোহীদের সশস্ত্র আক্রমণ এবং প্রাণহানির পর থেকে ফুটবল-দুনিয়া এই প্রশ্নেই বুঁদ হয়ে আছে। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপকে কি আর নিরাপদ বলা চলে?বেইজিং অলিম্পিকের মশাল বহন করতে গিয়ে চলচ্চিত্র অভিনেতা আমির খান বলেছিলেন, এই গ্রহে এমন একটি স্থান খুঁজে পাওয়া আর সম্ভব না, যেখানে সন্ত্রাসের ভয় নেই! লাহোর হামলা সে কথার সত্যতা আগেই প্রমাণ করেছে। প্রমাণ করেছে অ্যাথলেটরা, এমনকি ক্রিকেটাররাও আর সন্ত্রাসীদের লক্ষ্যের বাইরে নেই। এবার অ্যাঙ্গোলার বিদ্রোহীরা জানান দিল, অস্থির আফ্রিকাতে নিরাপত্তা নেই ফুটবলারদেরও। আফ্রিকা মানেই সাদা দুনিয়ার কাছে এক জঙ্গলের রাজ। এখানে কখনোই মানুষের জীবনের নিরাপত্তা নেই, কখনোই কোনো রাষ্ট্র তার অতিথিকে নিরাপত্তা দিতে পারে না। দক্ষিণ আফ্রিকা যখন বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল, তখন ঘুরে-ফিরে এই প্রসঙ্গ বারবার এসেছে।দক্ষিণ আফ্রিকা ভেন্যু নির্মাণে পিছিয়ে আছে, দক্ষিণ আফ্রিকায় আবাসনব্যবস্থা এখনো উন্নত করা যায়নি, দক্ষিণ আফ্রিকায় ভ্রমণার্থীদের জীবনযাপনের ব্যয় উত্তরোত্তর বাড়ছে—এসবের সঙ্গে নিরাপত্তার অভিযোগ আবার পাশ্চাত্যের মিডিয়া খুব জোরে তোলা শুরু করল।আফ্রিকান নেশনস কাপে অংশ নিতে যাওয়া টোগো দলের ওপর হামলার পর বিবিসি, সিএনএনের মতো সংবাদমাধ্যম বিশ্লেষণী সংবাদ প্রচার করছে। বিশেষজ্ঞ এবং সাবেক ফুটবলারদের অভিমত প্রচার করছে। এসব বিশ্লেষণ করতে গিয়ে অনেকেই বলছেন, এই মহাদেশে কী করে বিশ্বকাপ হবে? কাবিন্ডা আক্রমণের শিকার হওয়া টোগো দলের অধিনায়ক আদেবায়োর, যার নাকি আফ্রিকারই দূত হওয়ার কথা ছিল, তিনি পর্যন্ত মুখ-টুখ বাঁকিয়ে বললেন, ‘বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে পৃথিবীর আরেকবার ভাবা উচিত!’‘মূর্খের কথাবার্তা’—আদেবায়োরদের এসব আলোচনা, শঙ্কাকে একবাক্যে এভাবে উড়িয়ে দিতে চাচ্ছেন ড্যানি জর্ডান। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান ড্যানি জর্ডান অ্যাঙ্গোলার এই আক্রমণের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপকে মেলানোর কোনো সুযোগই দেখছেন না। তাঁর যুক্তি সোজা—স্পেনে বোমা হামলা হলে, সেটা তো জার্মান বিশ্বকাপে প্রভাব ফেলে না। তাহলে অ্যাঙ্গোলার ঘটনা কেন দক্ষিণ আফ্রিকায় প্রভাব ফেলবে? স্রেফ এক মহাদেশ বলে! জর্ডান মনে করিয়ে দিয়েছেন অ্যাঙ্গোলা আর দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রায় তিন হাজার কিলোমিটারের দূরত্ব। মানে মাদ্রিদ আর লন্ডনের মধ্যে যে দূরত্ব!একই যুক্তিতে আপাতত দক্ষিণ আফ্রিকার পাশে এসে দাঁড়িয়েছে ‘সন্ত্রাসবিরোধী’ যুক্তরাষ্ট্র। কেপটাউনে বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে দক্ষিণ আফ্রিকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডোনাল্ড গিবস বলছিলেন, ‘দুনিয়াজুড়েই ক্রীড়া আয়োজনগুলো এখন হুমকির মুখে, শুধু আফ্রিকায় না। অ্যাঙ্গোলা আর দক্ষিণ আফ্রিকাকে এক করে ফেলা ঠিক হবে না।’কথাটা সত্য। অ্যাঙ্গোলার পরিস্থিতির সঙ্গে দক্ষিণ আফ্রিকাকে কোনোভাবেই মেলানো যায় না। দক্ষিণ আফ্রিকা দুনিয়ার শান্তশিষ্ট দেশগুলোর একটা না হলেও অ্যাঙ্গোলার মতো গৃহযুদ্ধ সেখানে চলছে না। এটা ঠিক যে প্রায় এক দশক হতে চলল, অ্যাঙ্গোলার গৃহযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। কিন্তু আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেলসমৃদ্ধ দেশটিতে বিচ্ছিন্নতাবাদীদের লড়াই শেষ হয়নি। কাবিন্ডা নামের যে প্রদেশে টোগো ফুটবল দলের ওপর হামলা হলো, সেখানকার স্বাধীনতার জন্য এক বা একাধিক দল লড়াই করছে। তাদেরই একটি দল ফুটবলারদের ওপর হামলার দায়িত্ব স্বীকার করেছে।ওই দলটির প্রধানের কথাতেই খানিকটা স্বস্তি পাওয়া যেতে পারে। রড্রিগেজ মিনগাস নামে দলটির স্বঘোষিত প্রধান এপিকে দেওয়া এক সাক্ষাত্কারে পরিষ্কার বলেছেন, তাঁদের বিবেচনায় অ্যাঙ্গোলায় যুদ্ধ চলছে। সেই যুদ্ধেরই অংশ হিসেবে তাঁরা অ্যাঙ্গোলার সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছেন। ফুটবলারদের ওপর বা অতিথিদের ওপর হামলা করার বিন্দুমাত্র উদ্দেশ্য তাঁদের ছিল না। মিনগাস বলছিলেন, ‘আপনারা জানেন আমাদের কাছে কোনো ক্রিস্টাল বল নেই, যার ভেতর দিয়ে আমরা সবকিছু দেখতে পারি। আমরা বাইনোকুলার দিয়ে সেনাবাহিনীর লোকজন দেখে হামলা করার নির্দেশ দিয়েছি।’এমনকি মিনগাস দাবি করছেন, কাবিন্ডাতে নেশনস কাপের কোনো ম্যাচ না রাখার জন্য তাঁরা দু মাস আগে লিখিতভাবে ফেডারেশনকে জানিয়েছিলেন। সুতরাং ফুটবলার হত্যার নৈতিক দায় তাঁরা নিতে রাজি নন। এ এক ধরনের স্বস্তির কথা যে জেনেশুনে তারা ফুটবলার মারতে চাইছে না। এটা একটা বার্তা অন্তত দিল যে ফুটবলাররা সন্ত্রাসীদের সরাসরি লক্ষ্যবস্তু নন।কিন্তু এসব কাগুজে ধারণায় কতটা স্বস্তি আসবে? এসব কাগুজে বিতর্ক কতটা নিরাপত্তা বোধ তৈরি করে দেবে মেসি-কাকা-রোনালদোদের! বিশ্বকাপ কি আসলেই তাঁদের জন্য উত্সব হয়ে উঠবে? নাকি প্রতিটি মোড়ে মোড়ে বন্দুকের নল দেখে কেঁপে উঠবেন ফুটবলাররা!