গুলি নয়, পেপার স্প্রের পক্ষে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভবিষ্যতে রাবার বুলেট ও পেপার স্প্রে ব্যবহারের কথা ভাবছে। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গার দর্শনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে আঞ্চলিক বৈঠকের পর বিএসএফের কৃষ্ণনগর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আর সি গৌর এ কথা জানান।বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কুষ্টিয়ার সেক্টর কমান্ডার কর্নেল ফরিদ উদ্দিন বলেন, সম্প্রতি কুষ্টিয়া সেক্টরের সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন ভেঙে অনুপ্রবেশকারীদের পুশব্যাক করেছে। এ ছাড়া বিএসএফের এক সদস্য বাংলাদেশ সীমানায় ঢুকেছেন ও সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যার ঘটনা ঘটছে। বৈঠকে বিজিবির পক্ষ থেকে এসব ঘটনার জোর প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ কৃষ্ণনগর রেঞ্জের ডিআইজি আর সি গৌর বলেন, এখন থেকে সীমান্তে বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হবে না। কোনো নাগরিক অবৈধভাবে সে দেশে ঢুকলে আন্তর্জাতিক আইন মেনেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে। তবে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ভবিষ্যতে তাঁরা রাবার বুলেট ও পেপার স্প্রে ব্যবহারের বিষয়টি ভাবছেন। বৈঠকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. আসাদুজ্জামান, কুষ্টিয়া ৩২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন, বিএসএফের ৯২ ব্যাটালিয়নের কমান্ডার আর এন রায়, ১৭৩ ব্যাটালিয়নের কমান্ডার অনিল শর্মা, ১১৯ ব্যাটালিয়নের কমান্ডার বিজয় কুমার এবং ১২০ ব্যাটালিয়নের কমান্ডার চন্দ্র প্রকাশ সিং।