গুলি বন্ধের দাবি জানাবে বাংলাদেশ
ঢাকায় বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রসচিবদের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে গুলি বন্ধের দাবি জানানো হবে। একই সঙ্গে ওই বৈঠকে মাদক পাচার, চোরাচালান রোধ, অমীমাংসিত সীমানা নির্ধারণ এবং ছিটমহল বিষয়েও আলোচনা হবে।আজ সোমবার দুপুরে ঢাকায় বৈঠকের আগে দুই দেশের স্বরাষ্ট্রসচিব আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় যাওয়ার পথে বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব মোশতাক আহমদ সাংবাদিকদের এ কথা বলেন।ভারতের স্বরাষ্ট্রসচিব আর কে সিং সাংবাদিকদের জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিজেদের নিরাপত্তার জন্যই গুলি ছোড়ে। তবে তিনি দাবি করেন, সীমান্তে গুলি বন্ধ করতে বিএসএফের ওপর নির্দেশ রয়েছে।ঢাকার বৈঠকের আগে দুই দেশের স্বরাষ্ট্রসচিব বাংলাদেশের আখাউড়া ও উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলার সীমান্ত ও স্থলবন্দরের অবকাঠামো পরিদর্শনে যান। বেলা একটার দিকে তাঁরা ত্রিপুরায় পৌঁছান। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে করে বাংলাদেশ ও ভারতের দুই সচিব আখাউড়ায় যান। তাঁরা বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) আখাউড়া সীমান্তের ফকির মোড়া ফাঁড়ি পরিদর্শন করেন।বিজিবি সূত্র জানায়, বাংলাদেশের ছয় সদস্য ও ভারতের ১০ সদস্যের প্রতিনিধিদল আখাউড়া দিয়ে আগরতলা গেছে।