দুই দিনে আটক ১১২ ১৪টি যানবাহন ভাঙচুর পাঁচজনকে সাজা
গুলি-বোমা, মেয়রকে মারধর, যশোরে কাল হরতাল
যশোর শহরে গতকাল বৃহস্পতিবার হরতালের সময় বোমা বিস্ফোরণ ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা মারধর করেছেন শহর বিএনপির নেতা পৌরসভার মেয়রকে। এর প্রতিবাদে কাল শনিবার যশোর শহরে আধা বেলা হরতাল ডেকেছে বিএনপি।সাতক্ষীরা, বগুড়া, বরিশাল, সিরাজগঞ্জ ও মাদারীপুরের কালকিনি উপজেলায় ১৪টি যানবাহন ভাঙচুর করেছে হরতাল-সমর্থকেরা। রাজশাহী ও দীঘিনালায় দুটি যানে অগ্নিসংযোগ করা হয়েছে। যানবাহন ভাঙচুর, চলাচলে বাধা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে বিএনপি ও জামায়াতের ৫৮ জন নেতা-কর্মীকে গতকাল আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সাতজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কায় বুধবার বিএনপি ও জামায়াতের ৫৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হরতাল-সমর্থকদের বরাত দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:যশোর: দুপুর ১২টার দিকে শহরের দড়াটানা মোড় থেকে ছাত্রলীগ ও যুবলীগের হরতালবিরোধী মিছিল এম কে সড়কসংলগ্ন বিএনপির কার্যালয়ের কাছে পৌঁছায়। এ সময় মিছিলের পেছন দিকে কয়েকটি বোমার বিস্ফোরণ হয়। মিছিল থেকে চিত্রা মোড়ের ম্যাগপাই ভবনের তৃতীয় তলা ও বঙ্গবাজারের দ্বিতীয় তলা লক্ষ্য করে চারটি গুলি ছোড়া হয়। এতে আমেরিকান লাইফ ইনস্যুরেন্স ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যশোর শাখার জানালার কাঁচ ভেঙে যায়। মিছিলটি দড়াটানা মোড়ের ভৈরব চত্বরে পৌঁছালে ক্ষুব্ধ কয়েকজন পৌরসভার মেয়র ও শহর বিএনপির সভাপতি মারুফুল ইসলামকে মারধর করেন।এই ঘটনার প্রতিবাদে বেলা একটার দিকে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কাল শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরে হরতাল ডাকে জেলা বিএনপি। সংবাদ সম্মেলন শেষে বিএনপি বিক্ষোভ মিছিল করলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।সংবাদ সম্মেলনে বিএনপির নেতা মারুফুল ইসলাম বলেন, ‘পুলিশের পাহারায় ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে কয়েকজন আমাকে কিল-ঘুষি মারে। পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও তারা আমাকে রক্ষায় এগিয়ে আসেনি।’জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা প্রথম আলোকে বলেন, মেয়র মারুফকে মারধরের কোনো ঘটনা ঘটেনি। তবে চিত্রা মোড়ের একটি ভবনের তিনতলা থেকে মিছিল লক্ষ্য করে বোমা ছোড়া হয়। এ ঘটনায় উভয় পক্ষের উত্তেজিত লোকজন ইট-পাটকেল ছোড়ে। এতে দুটি প্রতিষ্ঠানের জানালার কাঁচ ভাঙতে পারে।যোগাযোগ করা হলে পুলিশ সুপার কামরুল আহসান বলেন, মেয়র মারুফ ফোন করে তাঁকে মারধর করার বিষয়টি জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে ছাত্রশিবিরের ১২ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।খাগড়াছড়ি: বেলা ১১টার দিকে ব্যাটারিচালিত ইজিবাইকে করে জেলার দীঘিনালা উপজেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদক আবদুল খালেক সরকার উপজেলা সদরে যাচ্ছিলেন। বোয়ালখালী চৌমুহনী এলাকায় পিকেটাররা তাঁকে গাড়ি থেকে নামিয়ে ধাওয়া দেয়। তিনি দৌড়ে ভৈরফা মুখ এলাকায় অরুণ বিকাশ চাকমার ঘরে আশ্রয় নেন। পিকেটাররা সেখানে ঢুকে ঘরের জিনিসপত্র তছনছ করে খালেককে বেধড়ক মারধর করে। খালেক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনায় জড়িত অভিযোগে বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া গতকাল বোয়ালখালী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির দুই কর্মীকে।খুলনা: হরতালে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে গতকাল নগরের মিয়াপাড়া, খালিশপুর, সোনাডাঙ্গাসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াতের ১২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সেকেন্দার আলী (৫৮) রয়েছেন।পুলিশের বাধা উপেক্ষা করে পিকেটিংয়ের চেষ্টা করলে নগরের পিটিআই মোড় থেকে আটক করে জাহাঙ্গীর হোসেনকে ৫০০ ও শফিকুল ইসলামকে ২০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।তবে নগর বিএনপির সভাপতি ও খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বলেন, পুলিশ বিএনপির ১৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।চট্টগ্রাম: সকালে নগরের দেওয়ানহাট মোড়ে পিকেটিং করার সময় ডবলমুরিং থানা জামায়াতের আমির ফারুক আজম ও ইসলামী ব্যাংকের কর্মচারী সালাহউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। গত মঙ্গলবার মুরাদপুরে পুলিশের ওপর হামলা এবং ঈদগাহ কাঁচা রাস্তার মাথায় হাবিলদার আবদুর রউফকে মারধরের ঘটনায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের পূর্ব ফটকের সামনে যাত্রীবাহী একটি টেম্পোতে হামলা চালায় পিকেটাররা। ওই সময় যাত্রীদের নামিয়ে টেম্পোটি উল্টে দেওয়া হয়। এদিকে হরতাল চলার সময় পুলিশের বেষ্টনির মধ্যে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনের সড়কে গতকাল দিনভর মিছিল-সমাবেশ করেছে বিএনপি। এ সময় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।বরিশাল: সকাল সাতটার দিকে হরতালের সমর্থনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বরিশাল মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে ব্রজমোহন (বিএম) কলেজ-সংলগ্ন এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এর কিছুক্ষণ আগে নগরের বান্ধরোড এলাকা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে স্টিমারঘাট এলাকায় পৌঁছালে তাঁদেরও লাঠিপেটা করে পুলিশ।কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহীদুজ্জামান প্রথম আলোকে বলেন, হরতাল ও পিকেটিংয়ের নামে জানমালের ক্ষতি করার অভিযোগে নগরের বিভিন্ন স্থান থেকে ১৬ জনকে আটক করা হয়েছে।রাজশাহী: বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে সকালে হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশ বাধা দেয়। দলীয় কার্যালয়ও পুলিশ ঘিরে রাখে। দুপুর ১২টার দিকে নগরের শালবাগান বিজিবি সদর দপ্তরের সামনে হরতাল-সমর্থকেরা একটি হিউম্যান হলারে অগ্নিসংযোগ করে। পিকেটিংয়ের চেষ্টার সময় নগরের কোর্ট স্টেশন মোড় থেকে যুবদলের এক কর্মীকে আটক করেছে পুলিশ।চাঁপাইনবাবগঞ্জ: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বুধবার রাতে পুলিশ গোমস্তাপুর উপজেলার রহনপুর জামায়াতের নায়েবে আমির শামসুজ্জোহাসহ জামায়াত ও বিএনপির তিনজনকে আটক করেছে।সাতক্ষীরা: শহরের শহীদ আলাউদ্দিন চত্বর এলাকায় বিএনপির নেতা-কর্মীরা সকালে পুলিশের উপস্থিতিতে দুটি ট্রাক, দুটি বাস ও চারটি ইজিবাইকের গ্লাস ভাঙচুর করে।নোয়াখালী: জেলা শহরের বিভিন্ন স্থান থেকে গতকাল ১০ জন হরতাল-সমর্থককে আটক করেছে পুলিশ। এর মধ্যে পাঁচজনকে পাঁচ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এর আগে বুধবার রাতে জেলা সদর, কবিরহাটসহ বিভিন্ন উপজেলা থেকে পুলিশ বিএনপি ও জামায়াতের আরও ১০ কর্মীকে আটক করে।বগুড়া: বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া স্থানে তিনটি ট্রাকের কাচ ভাঙচুর করে হরতাল-সমর্থকেরা। সিরাজগঞ্জ: রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় হরতাল-সমর্থকেরা একটি পিকআপ ভাঙচুর করে। এ ছাড়া বুধবার রাতে সদর, শাহজাদপুর ও রায়গঞ্জ উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ১৪ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। চৌদ্দগ্রাম (কুমিল্লা): গতকাল চৌদ্দগ্রামের বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের চার কর্মী এবং বুধবার সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।নরসিংদী: পলাশ উপজেলায় পিকেটিংয়ের চেষ্টা করলে তিনজনকে আটক করে পুলিশ।মাগুরা: শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপির তিন কর্মীকে আটক করেছে পুলিশ। এর আগে বুধবার রাতে আটক করা হয় চার কর্মীকে।চাটমোহর (পাবনা): চাটমোহরের ফাইকোলা স্থান থেকে আটক করা হয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের তিন কর্মীকে।কালকিনি (মাদারীপুর): বেলা ১১টার দিকে কালকিনি উপজেলার ভুরঘাটার নূর ডায়াগনস্টিক সেন্টারের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে পিকেটাররা একটি বরিশালগামী ট্রাক ভাঙচুর করে।আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): বুধবার আখাউড়া উপজেলা যুবদলের নেতা শাহজাহান চৌধুরী ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাভেদ আহাম্মদ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।নারায়ণগঞ্জ: সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয় বন্ধ ছিল।