গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রক্ষা পেলেন শিক্ষক
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামালউদ্দিনকে লক্ষ্য করে আজ বুধবার সকালে গুলি ছোড়া হয়েছে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। কুষ্টিয়া পৌরসভার প্রধান ফটকের পাশে এ ঘটনা ঘটে।পুলিশ ঘটনাস্থল থেকে রিভলবারের দুটি গুলির খোসা উদ্ধার করেছে। কামালউদ্দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য ও পরিসংখ্যান বিভাগের শিক্ষক। কামালউদ্দিনের ভাষ্যমতে, সকাল পৌনে নয়টার দিকে ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশে তিনি বাসা থেকে বের হয়ে পৌরসভার প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয়ের গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল থেকে দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে পর পর দুটি গুলি ছুড়ে শহরের দিকে চলে যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি মুঠোফোনে পুলিশ সুপারকে জানান তিনি।পৌরসভার সামনে বাদশা মিয়া নামের একজন দোকানি বলেন, দুটি গুলির শব্দ শোনা গেছে। তবে কে বা কারা করেছে, তা তিনি দেখতে পাননি। আরেক দোকানি বলেন, ঘটনার পর মোটরসাইকেলের দুই আরোহীকে (হেলমেট ছাড়া) তিনি দ্রুত চলে যেতে দেখেছেন।কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি গুলির খোসা উদ্ধার করেছে। গুলি ছোড়ার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শাহিনুর রহমান বলেন, শিক্ষকের ওপর গুলিবর্ষণ ন্যক্কারজনক ঘটনা। এ ব্যাপারে মামলা করা হবে।গত বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১১২ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন, সহ-উপাচার্য কামালউদ্দিন ও কোষাধ্যক্ষ শাহজাহান আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। গত ডিসেম্বর মাসে উপাচার্য ও এ বছরের জানুয়ারি মাসে সহ-উপাচার্যকে নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেন রাষ্ট্রপতি।