গুলিতে ছাত্র নিহত গণপিটুনিতে পাঁচ ডাকাতের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার দিবাগত রাতে ক্ষুব্ধ গ্রামবাসীর পিটুনিতে পাঁচ ডাকাত নিহত হয়েছে। এর আগে ডাকাতেরা যুক্তরাষ্ট্র-প্রবাসী এক ব্যক্তিকে কুপিয়ে তাঁর বাড়ি থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। পালানোর সময় ডাকাতদের গুলিতে এক মাদ্রাসাছাত্র নিহত ও তিনজন গুলিবিদ্ধ হয়। ধারালো অস্ত্রের আঘাতে জখম হয় আরও দুজন গ্রামবাসী।মনোহরগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাত আড়াইটার দিকে ২০-২২ জন সশস্ত্র ডাকাত সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামের যুক্তরাষ্ট্র-প্রবাসী আবদুল মালেক ওরফে মানিকের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্র দেখিয়ে পরিবারের পাঁচ সদস্যকে জিম্মি করে। এরপর তাদের বেঁধে মারধর এবং গৃহকর্তা মালেককে কুপিয়ে আহত করে। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এলাকার মসজিদের মাইকে ডাকাত আসার বিষয়টি ঘোষণা করে। ঘোষণা শুনে আশপাশের গ্রামের শতাধিক লোক এগিয়ে এলে ডাকাতেরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। এতে পাঁচরুই গ্রামের মো. আরিফ হোসেন (১৫) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সে ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও স্থানীয় শাহাপুর মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র। এ সময় ডাকাতদের গুলিতে আহত হন দেলোয়ার হোসেন (৪২), আরমান হোসেন (৪০) ও সোলাইমান (৪৫)। ডাকাতেরা কুপিয়ে জখম করে দুজনকে।রাত সাড়ে তিনটার দিকে ওই ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামে তিনজন এবং উপজেলার বাইশগাঁও ইউনিয়নের কেয়ারী গ্রামে দুজনকে ডাকাত সন্দেহে আটক করে পিটুনি দেয় গ্রামবাসী। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।গতকাল বুধবার সকাল ১০টার দিকে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে বাতাবাড়িয়া গ্রামের মামুনকে (২৭) আটক করে পিটুনি দেয় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুনকে উদ্ধারের চেষ্টা করলে উত্তেজিত গ্রামবাসী বাধা দেয়। একপর্যায়ে পুলিশ ১০-১২টি ফাঁকা গুলি ছুড়ে মামুনকে উদ্ধার করে। গাড়িতে করে থানায় নেওয়ার সময় গ্রামবাসী রাস্তায় গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশের গাড়িকে স্থানীয় বাতাবাড়িয়া বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অবরুদ্ধ করে রাখে।খবর পেয়ে কুমিল্লা থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহেদুর রহমান ঘটনাস্থলে যান।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন বলেন, তাঁরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে প্রায় পাঁচ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বেলা পৌনে তিনটার দিকে পুলিশ মামুনকে থানায় নিয়ে যায়।প্রবাসী আবদুল মালেককে লাকসামে চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্য গুলিবিদ্ধ ও আহত ব্যক্তিদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালেকের পরিবারের দাবি, ডাকাতের দল স্টিলের আলমারি ভেঙে মার্কিন ডলার, টাকা, ১০ ভরি স্বর্ণালংকার, মুঠোফোনসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার বলেন, মাদ্রাসাছাত্র ও পাঁচ ডাকাতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় র্যা ব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।গত কয়েক মাসে মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ২৫টি ডাকাতির ঘটনা ঘটেছে বলে পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে।