গুলিতে ছিনতাইকারী নিহত, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবচেয়ে বড় নিত্যপণ্যের পাইকারি বাজার মৌলভীবাজারের ব্যস্ততম রাস্তায় একটি ছিনতাই-চেষ্টার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক ছিনতাইকারী নিহত হয়েছে। তাঁর নাম মো. বাবুল (৩২)। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার দুপুরে মৌলভীবাজারের গুলবদন সুপার মার্কেটের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অপর দুজন মো. শামসুদ্দীন (৪৮) ও মো. শহীদ (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের মুসলিম স্টোরের তিন কর্মচারী ফরিদ, শামসুদ্দীন ও শহীদ গুলবদন সুপার মার্কেটের যমুনা ব্যাংকে টাকা তুলতে যান। টাকা নিয়ে বের হওয়ার সময়ই তাঁরা ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় শামসুদ্দীন ও শহীদ ছিনতাইকারী বাবুলকে জাপটে ধরে চিত্কার শুরু করেন। ব্যস্ত রাস্তায় আশপাশের পথচারী ও ব্যবসায়ীরা চিত্কার শুনে জড়ো হওয়া শুরু করলে ছিনতাইকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় বাবুল ও তাঁকে জাপটে ধরে থাকা দুজন গুলিবিদ্ধ হন। শামসুদ্দীনের পায়ের পাতায়, শহীদের পায়ে ও বাবুলের কোমরে গুলি লাগে।পুলিশ জানায়, তারা ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বাবুলকে গ্রেপ্তার করে। বাবুল ও অপর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বেলা তিনটার দিকে বাবুলের মৃত্যু হয়।মুসলিম স্টোরের কর্মচারী মো. গিয়াসউদ্দীন জানান, ছিনতাইকারীরা টাকার ব্যাগটি নিতে পারেনি। জনতার প্রতিরোধের মুখে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ সময় এক ব্যবসায়ী টাকার ব্যাগটি উদ্ধার করে মালিককে ফিরিয়ে দেন।পুলিশের চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, ছিনতাইকারীরা টাকা নিতে পারেনি। এ ঘটনায় এক ছিনতাইকারীসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে ওই ছিনতাইকারী হাসপাতালে মারা যান।