গুলিতে নিহত জাহাঙ্গীরের লাশ ফেরত দিল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক বাবুল হোসেনের ( ২৮) লাশ ফেরত দিয়েছে বিএসএফ।বন্দরের জিরো পয়েন্টে চেংড়াবান্ধা সীমান্তের সড়কে বিএসএফ গতকাল রোববার রাত নয়টার দিকে কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রণজিত্ কুমার পাল লালমনিরহাটের পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলীর কাছে লাশ হস্তান্তর করেন। নিহত বাবুল হোসেন উপজেলার বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গুচ্ছগ্রামের মৃত জসিমুদ্দিনের ছেলে। এ সময় সেখানে কোচবিহার-১০৪ বিএসএফ ব্যাটালিয়নের চেংড়াবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার বীরপা সিংহ ও লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রহমান উপস্থিত ছিলেন।গতকাল বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত বাবুল হোসেনের স্ত্রী আম্বিয়া বেগম (২৯) বিলাপ করতে করতে বলেন, ‘আমার স্বামী ভুল করে না হয় সীমান্তে গেছে, তার জন্য কী বিএসএফ গুলি করে হত্যা করবে। আমি এর বিচার চাই।’ তিনি বলেন, ‘আমার এই অবুঝ দুই কন্যাসন্তানকে নিয়ে এখন আমি কী করব। আমার কী হবে।’পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী জানান, নিহত জাহাঙ্গীর হোসেন বাবুলের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খান মোহাম্মদ সালাহউদ্দিন জানান, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ-বিজিবির উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশি যুবক বাবুল হোসেনের লাশ পাটগ্রাম থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে।