গুলিতে প্রাণ গেল পাঁচজনের
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এ ছাড়া সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় গতকাল শুক্রবার পুলিশের সঙ্গে জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন।দুটি ঘটনায় পাঁচজনই পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে এলাকার লোকজন জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামি ধরতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় ১৮-দলীয় জোটের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জে কাল রোববার সকাল-সন্ধ্যা ও সিরাজগঞ্জে রোববার আধা বেলা হরতাল আহ্বান করা হয়েছে।গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের দিন থেকে ২১ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতায় ৮২ জন নিহত হন। এসব সহিংসতার পর দায়ের করা মামলার আসামি ধরতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে গিয়েছিলেন। এক মাসের সহিংসতায় সর্বশেষ পাঁচজনসহ মৃতের সংখ্যা দাঁড়াল ৮৭। চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলায় সংঘর্ষে নিহত তিনজন হলেন উপজেলার ওমরপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে মো. ওয়ালিউল্লাহ (১৬), বাবুপুর গ্রামের মো. বদুর ছেলে রবিউল ইসলাম (২৫) ও গোপালনগর গ্রামের জিল্লুর রহমানের ছেলে মতিউর রহমান (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কানসাট পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার আসামি ধরার জন্য ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী রাত আড়াইটার দিকে শিবগঞ্জের শ্যামপুর গ্রামে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন। আসামি গ্রেপ্তারের নামে স্থানীয় বাসিন্দাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করে তাঁরা যৌথ বাহিনীকে ঘিরে ফেলেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ভোর পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। ভোরের দিকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে যান।প্রত্যক্ষদর্শী স্থানীয় কলেজছাত্র রেজাউল করিম বলেন, ‘রাতে মনে হচ্ছিল পুলিশ বৃষ্টির মতো গুলি ছুড়ছে। গুলির শব্দে যাঁরা প্রাণভয়ে দিগিবদিগ ছোটাছুটি করছিলেন, তাঁরাই গুলিবিদ্ধ হয়েছেন।’ তিনি জানান, নিহত মতিউর রহমান পেশায় কৃষক। ভোরে তিনি গম কাটতে খেতে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাঁকে গুলি করে হত্যা করে।নিহত মাদ্রাসাছাত্র ওয়ালিউল্লাহর চাচা আবদুল মালেক বলেন, ‘আমার ভাতিজা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। গভীর রাতে পাশের গ্রাম গোপালনগরে গুলির শব্দ শুনে এলাকার অনেকের সঙ্গে সে-ও দেখতে যায়। পুলিশের নির্বিচার গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ওয়ালিউল্লাহ মারা যায়।’ নিহত রবিউলের চাচা জানান, পুলিশের গুলিতে তাঁর ভাতিজার মৃত্যু হয়েছে। কয়েকজন গ্রামবাসী অভিযোগ করেন, যৌথ বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরাও ছিলেন।এ ঘটনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করা হয়। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোলঘরের কাছে, শিবতলায় ও চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের রাজারামপুর মোড়ে বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসব এলাকায় বিক্ষোভ মিছিল করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।শিবগঞ্জের ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ শহরের পরিস্থিতি গতকাল দিনভর থমথমে ছিল। বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। সড়কে যান চলাচলও ছিল অনেক কম। সার্বিক বিষয়ে জানতে গতকাল বিকেলে কয়েকজন সাংবাদিক চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) বশির আহমেদের সঙ্গে দেখা করতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন। এর আগে এসপি প্রথম আলোকে বলেন, আসামিপক্ষের লোকজন যৌথ বাহিনীর ওপর বোমা হামলা চালায়। এতে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র্যাবের সদস্যসহ ১০-১২ জন আহত হন। ঘটনাস্থল থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে চাঁপাইনববাগঞ্জ সদর থানা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রোববার হরতালের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ১৮-দলীয় জোটের চাঁপাইনবাবগঞ্জ জেলার সমন্বয়কারী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান মিঞা। তিনি অভিযোগ করেন, রাত দুইটার দিকে শ্যামপুর গ্রামে পুলিশ, র্যাব ও বিজিবি পাকিস্তানি হানাদার বাহিনীর মতো নির্বিচারে গুলি চালায়। এতে তিনজন নিহত হন। গুলিবিদ্ধ হন দুই শতাধিক। সংবাদ সম্মেলনে হরতাল ছাড়াও আজ শনিবার বিক্ষোভ সমাবেশ ও গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করা হয়।শাহজাহান মিঞা প্রথম আলোকে বলেন, ‘পুলিশ মরদেহ ময়নাতদন্তের কোনো উদ্যোগ নেয়নি। আমি এলাকায় গিয়ে নিজ উদ্যোগে তিনটি মরদেহ সদর হাসপাতালে পাঠাই।’ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, ‘তিনটি মরদেহ হাসপাতালে এসেছে। সঙ্গে পুলিশ ছিল না। আমরা সদর থানা-পুলিশকে সুরতহাল প্রতিবেদন করার জন্য খবর দিয়েছি।’সিরাজগঞ্জ: বেলকুচি উপজেলায় নিহত দুজন হলেন সর্বতুলসী গ্রামের ফরিদুল ইসলাম (২৫) ও কল্যাণপুর গ্রামের ইউনুস আলী (১৮)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের মামলার আসামি ধরতে গতকাল সকাল নয়টার দিকে পুলিশ ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মৌপুর গ্রামে যায়। আসামি জামায়াতের কর্মী হাবিবুর রহমানকে আটক করে থানায় নেওয়ার সময় স্থানীয় জামায়াত-বিএনপির কর্মীরা পুলিশকে ধাওয়া করেন। তবে পুলিশ দ্রুত আসামিকে থানায় নিয়ে যায়। এরপর জামায়াত-বিএনপির পক্ষ থেকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে স্থানীয় কল্যাণপুর মাঠে সমবেত হতে বলা হয়। সকাল সাড়ে ১০টার দিকে হাবিবুরের মুক্তির দাবিতে ওই মাঠ থেকে মিছিল বের হয়। মিছিলকারীরা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সর্বতুলসি গ্রামের নিয়ামত আলীর বাড়িতে হামলা চালায়। এরপরই স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশের তিনজন সদস্যসহ অন্তত ৪০ জন আহত হন। একপর্যায়ে জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা পিছু হটে। তাঁরাই গুরুতর আহত ফরিদুল ও ইউনুসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই দুজনের মৃত্যু হয়।পুলিশ জানায়, লাশ দুটি সিরাজগঞ্জ সদর হাসাপাতালের মর্গে নেওয়া হয়েছে। বেলকুচি থানার এসআই দয়াল জানান, সুরতহাল প্রতিবেদন করতে গিয়ে তিনি দুজনের শরীরে গুলির ক্ষত পেয়েছেন। সংঘর্ষে আহত কোরবান আলী, রতন আলী, বাবু ইসলাম, নিয়ামত আলীসহ আরও কয়েকজনকে বেলকুচি, এনায়েতপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন।এদিকে পেশাগত দায়িত্ব পালন করে ফেরার পথে কান্দাপাড়ায় জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা বিটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি শাহাদৎ হোসেন ফিরোজী ও মাই টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলীকে ব্যাপক মারধর করেন। তাঁদের ক্যামেরা ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। দুজনকে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শাহাদৎকে ঢাকায় পাঠানো হয়। ধুকুরিয়া বেড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরে আলম অভিযোগ করেন, ‘হাবিবুরের মুক্তির দাবিতে আমরা মিছিল করছিলাম। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশ আমাদের ওপর হামলা চালায় ও গুলি ছোড়ে। গুলিতে দুজন নিহত হয়।’বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক অভিযোগ করেন, ‘বিএনপি-জামায়াতের লোকজন আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলা চালালে বিষয়টি দেখার জন্য পুলিশ ঘটনাস্থলে যায়। তখন তারা পুলিশের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।’ বেলকুচি থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি ছোড়েন। তাঁদের গুলিতেই দুই ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জানান, নিহত দুজনই শিবিরের কর্মী। সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার এহসানুল হক জানান, মিছিলকারীরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশ বাধ্য হয়ে ৬৭টি গুলি ছোড়ে ও ২৫টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।নিহত ইউনুসকে ছাত্রদলের ও ফরিদুলকে শিবিরের কর্মী বলে দাবি করে সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরে মিছিল করে জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোকাদ্দেস আলী জানান, রোববার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালন করবে ১৮-দলীয় জোট। এ ছাড়া আজ শনিবার কালো ব্যাজ ধারণ করবে।