গুলিতে ব্যবসায়ী আহত, গ্রেপ্তার ১
রাজধানীর পল্লবীর কালশি রোডে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহাবুদ্দীন (৪০) নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ওই ঘটনায় মোল্লা মিজান নামে অপর এক দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে। গুরুতর আহত অবস্থায় শাহাবুদ্দীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলো অনলাইনকে বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মোল্লা মিজান জমি বেচা-কেনার সঙ্গে জড়িত ব্যবসায়ী শাহাবুদ্দীনকে গুলি করেন। এ সময় তিনি চিত্কার দিলে পাশেই কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিসুর রহমান ওই দুর্বৃত্তকে ধাওয়া করেন। তিনি পাশের বাড়ির তিনতলায় ঢুকে লুকিয়ে পড়েন। পরে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে মোল্লা মিজানকে আটক করে।ইমতিয়াজ আহমেদের দাবি, মোল্লা মিজান পল্লবী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি পল্লবীর এক জমি ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকার চুক্তিতে ব্যবসায়ী শাহাবুদ্দীনকে খুন করতে এসেছিলেন। অস্ত্র মামলায় তাঁর সাত বছরের সাজা হয়েছিল। সাজা ভোগ শেষে তিনি গত বছরের রমজান মাসে জেল থেকে বের হন।ইমতিয়াজ আহমেদ জানান, গতকাল রাতের ঘটনায় মিজানের বিরুদ্ধে পল্লবী থানায় হত্যার চেষ্টা ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। তাঁর কাছ থেকে একটি রিভলবার, একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।