গুলিবিদ্ধ হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মিলন সরকার (৩৫) নামের এক সদস্য নিহত হয়েছেন। রাজধানীর বারিধারায় টহলগাড়ির পেছনের আসনে বসে থাকা অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। গুলিটি তাঁর থুঁতনি দিয়ে ঢুকে মাথার খুলি ভেদ করে বেরিয়ে যায়।পুলিশ জানায়, মিলন সরকার তাঁর নিজের অস্ত্রের গুলিতে নিহত হয়েছেন। তবে এটি আত্মহত্যা, না অসাবধানতাবশত ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।র্যাবের কর্মকর্তারা দাবি করেছেন, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছিল না। কিন্তু নিহত মিলন সরকারের স্ত্রী দাবি করেছেন, তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।মিলন সরকার গত জুন মাসে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে র্যাব-১-এ যোগ দেন। তিনি পুলিশের নায়েক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার টাঙন গ্রামে।গুলশান থানার অপারেশনস কর্মকর্তা মাসুদ করিম জানান, গুলি মিলনের থুঁতনি দিয়ে ঢুকে খুলি ভেদ করে বের হয়ে যায়। তাঁর সরকারি সাবমেশিনগান (এসএমজি) থেকে গুলিটি বের হয়েছে। এটি অসাবধানতায় হয়ে থাকতে পারে অথবা তিনি আত্মহত্যাও করে থাকতে পারেন। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।পুলিশ জানায়, গতকাল সকাল আটটার দিকে মার্কিন দূতাবাসের কাছে বারিধারার-গুলশান সড়কের একটি তল্লাশি চৌকিতে র্যাবের কয়েকজন সদস্য দায়িত্ব পালন করছিলেন। চৌকির পাশে ছিল র্যাবের একটি পিকআপ ভ্যান। এর পেছনের আসনে একা বসে ছিলেন মিলন। তাঁদের কর্তব্যসময় (ডিউটি) প্রায় শেষ হয়ে গিয়েছিল। হঠাৎ গুলির শব্দ শুনতে পান তাঁরা। পরে তাঁরা গাড়ির কাছে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় মিলনকে দেখতে পান। সঙ্গে সঙ্গে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, প্রাথমিকভাবে পাওয়া আলামত থেকে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। মিলনের সহকর্মীরা জানিয়েছেন, কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন চলছিল।স্ত্রীর দাবি হত্যা: রাজশাহী থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, মিলনের স্ত্রী লিপি খাতুন এটিকে হত্যা হিসেবে দাবি করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, স্বামীর সঙ্গে তাঁর এমন কোনো কিছু হয়নি যাতে মিলন আত্মহত্যা করতে পারেন। লিপি জানান, প্রতিদিনই তাঁদের মধ্যে কিছু সময় পরপর মোবাইল ফোনে কথা হতো। গত বুধবার রাত নয়টার দিকে সর্বশেষ মিলনের সঙ্গে কথা হয় লিপির। তিনি রাত ১০টার পর আবার মিলনকে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। ভোররাত চারটায় লিপি আবারও ফোন করেন। মিলনের ফোন তখনো বন্ধ পাওয়া যায়। কয়েক ঘণ্টা পর র্যাব থেকে জানানো হয়, মিলন ‘আত্মহত্যা’ করেছেন।লিপির দাবি, তাঁর স্বামী আত্মহত্যা করেননি, তাঁকে হত্যা করা হয়েছে। তিনি জানান, মাসখানেক আগে মিলনের একটি ফোঁড়া হয়েছিল। সে সময় ওখানে র্যাবের কোনো এক সদস্যের একটা মোবাইল ফোন হারায়। এ জন্য মিলনকে সন্দেহ করা হয়। গত ১৫ রোজায় মিলন ছুটি নিয়ে বাড়িতে আসেন। ছুটি শেষ হওয়ার পর কর্তব্যস্থলে ফিরে মিলন ফোনে স্ত্রীকে জানান, তাঁকে সবাই মোবাইল ফোন চুরির জন্য সন্দেহ করছেন, অথচ তিনি কিছুই জানেন না। এরপর লিপি যাঁর মোবাইল ফোন হারিয়েছে তাঁর সঙ্গে কথা বলেন। লিপি মনে করছেন, ওই ঘটনা থেকেই মিলনের কিছু একটা ঘটেছে।মিলন ২০০১ সালে পুলিশে যোগ দেন। এরপর লিপির সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুটি ছেলে আছে। বড় ছেলের বয়স আট আর ছোট ছেলের বয়স পাঁচ বছর।