গুলিবিদ্ধ হওয়ার পর ইব্রাহিমকে সদরঘাটে ক্লিনিকে নেওয়া হয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিবিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের কর্মী ইব্রাহিমকে প্রথমে সদরঘাটের সুমনা ক্লিনিকে নেওয়া হয়েছিল। সেখানকার চিকিত্সকেরা গুলিবিদ্ধ রোগীর চিকিত্সা করতে রাজি না হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কিন্তু ইব্রাহিম নিহত হওয়ার পর সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়িচালক যে অপমৃত্যুর মামলা দায়ের করেন, তাতে এ বিষয়টি গোপন করা হয়। ১৩ আগস্ট সাংসদ নুরুন্নবী চৌধুরীর পিস্তলের গুলিতে নিহত হন ইব্রাহিম।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মাহাবুবর রহমান প্রথম আলোকে বলেন, মামলার তদন্তে তাঁরা জানতে পারেন, গুলিবিদ্ধ অবস্থায় ইব্রাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগে সদরঘাটের (পাটুয়াটুলি) সুমনা ক্লিনিকে নেওয়া হয়েছিল। পরে এটা ‘পুলিশ কেইস’ বলে সুমনা ক্লিনিক ফিরিয়ে দেয়। মামলায় কেন বিষয়টি উল্লেখ করা হয়নি, তা তিনি জানেন না বলে জানান।আহত অবস্থায় ইব্রাহিমকে সদরঘাটের ক্লিনিকে নেওয়ার কথা শুনে বিস্ময় প্রকাশ করেন তাঁর স্ত্রী রীনা। তিনি এত দিন জানতেন, সংসদ ভবন চত্বরেই তাঁকে খুন করা হয়।শেরেবাংলা নগর থানার তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ১৩ আগস্ট ইব্রাহিমের মৃত্যুর পর সাংসদ নুরুন্নবীর গাড়িচালক কামাল হোসেন বাদী হয়ে যে অপমৃত্যুর মামলাটি করেছিলেন, ওই মামলায় উল্লেখ করা হয়, সংসদ এলাকায় গাড়ির ভেতরে ইব্রাহিম গুলিবিদ্ধ হন। এরপর সেখান থেকেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।উপকমিশনার জানান, ইফতারের আধা ঘণ্টা আগে ইব্রাহিম গুলিবিদ্ধ হয়েছিলেন; অথচ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে পৌনে আটটার দিকে। মাঝখানের সময়টুকু ইব্রাহিমকে কোথায় রাখা হয়েছিল, তা জানা যাচ্ছিল না। পরে জানা গেছে, তাঁকে প্রথমে সদরঘাটের সুমনা ক্লিনিকে নেওয়া হয়েছিল। কেন তাঁকে এত দূর নেওয়া হলো, তা তাঁরা খুঁজে দেখছেন। পুলিশের সন্দেহ, পুরো ঘটনাটি আড়াল করার চেষ্টা হিসেবে ইব্রাহিমকে সদরঘাটে নেওয়া হয়।গতকাল বিকেলে সুমনা ক্লিনিকে ফোন করে জানা গেছে, ক্লিনিকের রেজিস্টারে ইব্রাহিমের কোনো নাম নেই। হাসপাতাল থেকে বলা হয়, হয়তো জরুরি বিভাগে আনা হয়েছিল। কিন্তু ভর্তি না করায় তাঁর নাম রেজিস্টারে ওঠানো হয়নি।গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলেন, ইব্রাহিম আসলে কোথায় নিহত হয়েছেন, সে বিষয়টি নিয়ে তাঁরা এখন সংশয়ে। সাংসদের গাড়িতে, না তাঁর ঘরের ভেতরে ইব্রাহিম গুলিবিদ্ধ হয়েছেন, তা তাঁরা নিশ্চিত হতে পারছেন না।পিস্তলে আঙুলের ছাপ নেই: উপকমিশনার জানান, গোয়েন্দা পুলিশের হাতে পৌঁছেছে নুরুন্নবীর অস্ত্র পরীক্ষা, ইব্রাহিমের ডিএনএ ও আঙুলের ছাপ পরীক্ষার প্রতিবেদন। অস্ত্র পরীক্ষার পর সিআইডি নিশ্চিত করেছে, ইব্রাহিমের শরীরে যে গুলি লেগেছে, তা নুরুন্নবীর পিস্তলেরই।তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ডিএনএ পরীক্ষাতেও নিশ্চিত হওয়া গেছে যে গাড়িতে লেগে থাকা রক্ত ইব্রাহিমের। তবে নুরুন্নবীর পিস্তলে ইব্রাহিমের আঙুলের ছাপ পাওয়া যায়নি।এ বিষয়ে উপকমিশনার মাহাবুবর রহমান বলেন, সিআইডির প্রতিবেদনে বলা হয়েছে, আঙুলের ছাপ পাওয়া যায়নি।উপকমিশনার জানান, আগামী সপ্তাহের মধ্যে তাঁরা ইব্রাহিমের মৃত্যুর বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে পারবেন বলে আশা করছেন। ইব্রাহিমের ভাই মাসুম আহমেদের দায়ের করা নালিশি মামলার পরিপ্রেক্ষিতে আদালত এ বিষয়ে পুলিশকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। ৮ আগস্ট মাসুম আহমেদ সাংসদ নুরুন্নবীসহ আটজনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন।এদিকে সুমনা হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়ে নিহত ইব্রাহিমের স্ত্রী রীনা ইসলাম প্রথম আলোকে বলেন, সংসদ ভবন এলাকায় নিহত হলে তাঁকে উল্টা পথে সদরঘাটের সুমনা হাসপাতালে নেবে কেন? তিনি কিছুটা বিস্ময় প্রকাশ করে বিষয়টি পুরোপুরি খোলাসা করার দাবি জানান।