যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে বোমা হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন দুজনের একজন পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের সময় নিহত হয়েছেন। পালিয়ে থাকা অন্যজনকে ধরার জন্য পুলিশ গোটা বোস্টন শহর ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালাচ্ছে। প্রচারমাধ্যমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন দুই সন্ত্রাসী সম্পর্কে সহোদর ভাই। রাশিয়ার চেচেনিয়া থেকে ১০ বছর আগে তাঁরা যুক্তরাষ্ট্রে যান।বৃহস্পতিবার বোস্টনের অদূরে কেমব্রিজে অবস্থিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ক্যাম্পাসে পুলিশের এক সদস্য গুলিতে নিহত হওয়ার পর পুলিশ অভিযান শুরু করে।এ ব্যাপারে বোস্টনের পুলিশ কমিশনার এড ডেভিস জানান, দুই সন্দেহভাজন ব্যক্তি প্রথমে কেমব্রিজের একটি পেট্রলপাম্পে ডাকাতি করার চেষ্টা করেন। পরে এমআইটিতে গিয়ে সেখানে কর্মরত পুলিশের সদস্য শ্যন কলিয়েরকে গুলি করে হত্যা করেন তাঁরা। এরপর একটি মার্সিডিজ গাড়ি ছিনতাই করেন। তবে গাড়ির চালকের ক্ষতি না করে বোস্টনের উপকণ্ঠ ওয়াটারটাউনে নামিয়ে দেন। পুলিশ তাঁদের ধাওয়া করে। স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে এই ওয়াটারটাউনেই পুলিশের সঙ্গে গুলিবিনিময় হয় দুই সন্দেহভাজন সন্ত্রাসীর। তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়েন। পাল্টা গুলিতে বড় ভাই তামেরলান তসারনায়েভ মারা যান। ছোট ভাই দজোখার তসারনায়েভ (১৯) পালিয়ে যেতে সক্ষম হন। এ সময় পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়েছেন।সন্দেহভাজন ব্যক্তিদের খোঁজে ঘরে ঘরে অভিযান চালানোর সময় বোস্টনের বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ দেয় পুলিশ। দ্বিতীয় সন্দেহভাজন ব্যক্তি আটক না হওয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। সেখানে দায়িত্ব পালনরত সাংবাদিকেরা বলছেন, বোস্টনে এটি একটি নজিরবিহীন ঘটনা। ওয়াটারটাউনে যানবাহন ঢোকা বা বের হওয়া সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।পুলিশের কর্মকর্তা ডেভিস জানান, ম্যারাথনে বোমা হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন যে দুজনের ছবি এফবিআই প্রকাশ করেছিল, তার মধ্যে সাদা বেসবল টুপি পরা লোকটিই ছোট ভাই দজোখার তসারনায়েভ। দুই সন্দেহভাজনের বিরুদ্ধে চিরুনি অভিযানের ঘণ্টা কয়েক আগে তাঁদের ছবি ও ভিডিওচিত্র প্রকাশ করে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় এমআইটি চার্লস নদীর তীরে কেমব্রিজে অবস্থিত। নদীর অন্য পাড়েই ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের রাজধানী বোস্টন শহর। সেখানে গত সোমবার ঐতিহ্যবাহী ম্যারাথনে বোমা হামলায় একটি শিশুসহ তিনজন নিহত ও ১৮০ জন আহত হয়। বলা হচ্ছে, ২০০১ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের মাটিতে এটাই সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। বিচারের প্রত্যয় ওবামার: এদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা বোস্টনে হামলাকারীদের ‘শয়তান’ হিসেবে আখ্যায়িত করে তাঁদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। গত বৃহস্পতিবার বোস্টনের ক্যাথিড্রাল অব দ্য হলিক্রসে এক বিশেষ প্রার্থনা সভায় তিনি বলেন, ‘অবশ্যই আমরা তোমাদের (বোমা হামলাকারী) খুঁজে বের করব এবং তোমরা অবশ্যই বিচারের মুখোমুখি হবে।’ রয়টার্স, এএফপি ও বিবিসি।