গুলিস্তান কমপ্লেক্সের নামসর্বস্ব মালিক মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগে পা রাখতে যাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধাদের জন্য এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ ও সীমাবদ্ধতা নিয়ে ছাপা হচ্ছে ধারাবাহিক প্রতিবেদন ঢাকার ঐতিহাসিক গুলিস্তান ও নাজ সিনেমা হলের জায়গায় নির্মাণাধীন ২০ তলা ভবনের কাজ শেষ না করে, পুরো কমপ্লেক্সের দোকানপাট বিক্রি করে সরে পড়েছে নির্মাতাপ্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার্স। ভবনটিতে দোকান কেনা ব্যবসায়ীদের অভিযোগ—এভাবে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক এ এস এম আলাউদ্দিন।ছয় বছরের মধ্যে নির্মাণ করে এর মালিক মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে ভবনটি বুঝিয়ে দেওয়ার চুক্তি করেছিল নির্মাতাপ্রতিষ্ঠানটি। কিন্তু এক যুগ চলে গেছে। ভবন বুঝে না পাওয়ায় কল্যাণ ট্রাস্ট মাসে প্রায় দুই কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। দোকান ক্রেতারা হচ্ছেন আর্থিক ক্ষতির শিকার।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নির্মাতাপ্রতিষ্ঠানের সঙ্গে কল্যাণ ট্রাস্টের অদ্ভুত ধরনের এক চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী, নির্মাতাপ্রতিষ্ঠানটি কমপ্লেক্স নির্মাণ করে সবটাই বিক্রি করবে। আর কল্যাণ ট্রাস্ট পাবে দোকান-ক্রেতার কাছ থেকে মাসিক সালামি। গুলিস্তানের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এ রকম অসম চুক্তি করার জন্য বিএনপি-জামায়াত জোট সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদকে দায়ী করা হয়। অভিযোগ আছে, এ এস এম আলাউদ্দিনের সঙ্গে বিশেষ সম্পর্কের কারণে সাবেক প্রতিমন্ত্রী তাঁকে বাড়তি সুবিধা দিয়েছেন।জানা গেছে, মুক্তিযোদ্ধা সংসদের ২০ লাখ টাকার একটি চেক রেদোয়ান আহমেদের ব্যাংক হিসাবে জমা হওয়ার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণ করেছিলেন। পরে তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দেন, এখন ওই দলের মহাসচিব।এসব অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রেদোয়ান আহমেদ প্রথম আলোকে বলেন, তাঁর শত্রুপক্ষ সাবেক প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে তাঁকে অপসারণের ব্যবস্থা করে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠান বাবদ মুক্তিযোদ্ধা সংসদ তাঁর কাছ থেকে টাকা ধার নিয়েছিল। তিনি ওই সময় সংসদের চেয়ারম্যান ছিলেন। সেই টাকা পে-অর্ডার করে গুলিস্তানের একটি ব্যাংকে তাঁর ব্যক্তিগত হিসাবে জমা দেওয়া হয়। ওই চেকের অনুলিপি তখনকার প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছিল।এ এস এম আলাউদ্দিন বলেন, সাবেক ওই প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর সুসম্পর্ক এখনো আছে। দুজনই বিএনপি করতেন। কিন্তু ওই কমপ্লেক্স নিয়ে কোনো আর্থিক লেনদেন তাঁদের মধ্যে হয়নি। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার্সের সঙ্গে ২০০১ সালের ২৭ ফেব্রুয়ারি কল্যাণ ট্রাস্টের চুক্তি হয় শূন্য দশমিক ৬১৪ একর জায়গায় পাঁচ বছরের মধ্যে ২০ তলা ভবন নির্মাণের। পরে মেয়াদ এক বছর বাড়ানো হয়। সে অনুয়ায়ী ২০০৬ সালের মধ্যে ভবন নির্মাণ সম্পন্ন করে কল্যাণ ট্রাস্টকে বুঝিয়ে দেওয়ার কথা।ভবনটিতে দোকান কেনা ব্যবসায়ীরা অভিযোগ করেন, ২০ তলা ভবনের প্রায় সব দোকানপাট বিক্রি করে নির্মাতাপ্রতিষ্ঠান চলে গেছে। কিন্তু নির্মাণকাজ শেষ হয়নি। ফলে বিপাকে পড়েছেন বিনিয়োগকারীরা।সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনটির নয়তলা পর্যন্ত নির্মাণ সম্পন্ন করে এবং ১০ ও ১১ তলায় শুধু ছাদ ঢালাই দিয়ে কাজ বন্ধ করা হয়েছে। আধুনিক ভবন হওয়ার পরিবর্তে এটি ইট-পাথরের একটি জঞ্জাল হয়ে আছে।কমপ্লেক্সের ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম বলেন, নির্মাতাপ্রতিষ্ঠান কোনো শর্ত মানেনি। ব্যবসায়ী-ক্রেতাদের কাছ থেকে বাজারদরের চেয়ে বেশি দাম নিয়েছে। মূসক, বৈদ্যুতিক মিটার ও সালামি হিসেবে অতিরিক্ত অর্থ নিলেও কোনো কাগজ দেয়নি। ভবনে নয়টি লিফট স্থাপনের কথা থাকলেও মাত্র দুটি নিম্নমানের লিফট স্থাপন করে অন্য লিফটের জায়গায় দোকান নির্মাণ করে বিক্রি করে দেওয়া হয়েছে। দুটি ক্যাপসুল লিফট স্থাপনের কথা থাকলেও তা করা হয়নি। গাড়ি পার্কিং এবং জরুরি নির্গমনের সিঁড়ির জায়গায়ও দোকান করা হয়েছে। একটি চলন্ত সিঁড়ি স্থাপন করা হলেও তা নিম্নমানের হওয়ায় অধিকাংশ সময় বন্ধ থাকে। সিঁড়িটির বিভিন্ন যন্ত্রাংশ খুলে পড়ছে।ভবনটির প্রতিটি তলায় ১৯ হাজার বর্গফুট জায়গা। এর মধ্যে প্রথম তলায় নির্মিত দোকানের প্রতি বর্গফুট ১৫ হাজার ৫০০ টাকা, ওপরে চারতলা পর্যন্ত প্রতি বর্গফুটের দাম এক হাজার টাকা কম। পঞ্চম তলার প্রতি বর্গফুট সাড়ে ১১ হাজার টাকায় বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, পাঁচতলা পর্যন্ত দোকান বিক্রি করেই অন্তত আড়াই শ কোটি টাকা নেওয়া হয়েছে। এসব টাকা তিনি অন্য ব্যবসায় বিনিয়োগ করেছেন, বিএনপির মনোনয়ন নিয়ে কুমিল্লা-৫ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এ এস এম আলাউদ্দিন বলেন, ‘আমি এত টাকা নিইনি। সর্বসাকুল্যে ৮০ থেকে ৮২ কোটি টাকা নিয়েছি। খরচ হয়েছে তার চেয়ে অনেক বেশি। তাই এই টাকা অন্যত্র খরচের সুযোগ নেই।’কল্যাণ ট্রাস্টের এ সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং বিদ্যমান সমস্যা থেকে উত্তরণে মাহমুদ পারভেজকে ২০০৯ সালে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু গত চার বছরে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি বলে জানান ব্যবসায়ীরা।ভবনটি হস্তান্তরের পর প্রতি মাসে কল্যাণ ট্রাস্টের প্রায় দুই কোটি টাকা মাসিক ভাড়া পাওয়ার কথা। এখন ভাড়া দূরে থাক, ভবনটি ব্যবহারের উপযোগী রাখতে ট্রাস্ট হিমশিম খাচ্ছে। এ ছাড়া চুক্তি অনুযায়ী ভবন বুঝিয়ে দিতে ব্যর্থ হলে প্রতিদিন ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার কথা নির্মাতাপ্রতিষ্ঠানের। সে হিসাবে প্রতিষ্ঠানটির কাছে ট্রাস্টের পাওনা হয়েছে প্রায় ১১ কোটি টাকা।এ এস এম আলাউদ্দিন দাবি করেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও ব্যবসায়ী-ক্রেতাদের মতো তিনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন। বতর্মান সরকারের আমলে তাঁর লোকজন বের করে দেওয়া হয়। আদালতের মাধ্যমে আরবিট্রেশন (সালিসি) কমিটি হলে তিনি তার সিদ্ধান্ত মেনে নেবেন।