গুলিস্তান নেই, গুলিস্তান আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিস্তান বলে ঢাকা শহরে কোনো জায়গা নেই। আশ্চর্য হলেও এটি সত্য। ঢাকা সিটি করপোরেশনের হোল্ডিংয়ের তালিকায়ও গুলিস্তান নামের কোনো স্থান নেই। আছে বঙ্গবন্ধু এভিনিউ, যা পাকিস্তান আমলে ছিল জিন্নাহ এভিনিউ। ফুলবাড়িয়ার উত্তরে ও রমনার পূর্ব প্রান্তে ঢাকার শূন্য বিন্দু (জিরো পয়েন্ট) পর্যন্ত এলাকাটি যে কারণে জনসাধারণ্যে গুলিস্তান নামে পরিচিত হয়ে উঠেছে, সে কারণটিও এখন অবলুপ্ত। আর কারণটি হলো গুলিস্তান সিনেমা হল। ১৯৫২ সালের শেষ দিকে ফজলে দোসানী নামের এক অবাঙালি ভদ্রলোক সিনেমা হলটি তৈরি করেছিলেন। সিটি করপোরেশন থেকে জানা গেল, যে এলাকাটি গুলিস্তান নামে পরিচিত, অর্থাত্ বঙ্গবন্ধু এভিনিউ, তা পড়েছে রমনা থানার মধ্যে।অবশ্য গুলিস্তানের আগেই ওই এলাকায় ব্রিটানিয়া নামে আরও একটি সিনেমা হল ছিল, যা তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঢাকার মার্কিন ও ব্রিটিশ সেনাদের বিনোদনের জন্য। গত শতকের চল্লিশের দশকে ব্রিটানিয়ায় মূলত ইংরেজি চলচ্চিত্র দেখানো হতো। দেশের প্রথিতযশা বহু কবি-সাহিত্যিকের চল্লিশ ও পঞ্চাশের দশকের স্মৃতিতে ব্রিটানিয়ার উল্লেখ থাকলেও গুলিস্তানের তেমন উল্লেখ পাওয়া যায় না। কিন্তু সাধারণ মানুষের কাছে ব্রিটানিয়ার বদলে গুলিস্তান নামটিই বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল। এ কারণে ওই এলাকার নামই হয়ে গেছে গুলিস্তান। স্বাধীনতার পর হলটির মালিক পাকিস্তানে চলে যাওয়ায় এটি পরিত্যক্ত সম্পত্তিতে পরিণত হয় এবং ১৯৭২ সালে তা দেওয়া হয় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে। ওই ভবনেই ছিল নাজ নামের আরেকটি সিনেমা হল। ট্রাস্ট ২০০১ সালে গুলিস্তান সিনেমা হল ভেঙে নির্মাণ করেছে গুলিস্তান শপিং কমপ্লেক্স নামের বহুতল বাণিজ্যিক ভবন।ছিল সবুজ চত্বর: চল্লিশের দশকে গুলিস্তান ছিল নিবিড় সবুজ চত্বর। ‘সেকালের ঢাকার বিনোদন’ নামের এক রচনায় মিজানুর রহমান লিখেছেন, ‘গুলিস্তান সিনেমার উল্টোদিকে, ওই যেখানে সাধারণ বীমা সদন, সেখানে ছিল ব্রিটানিয়া হল। তখন তো পুরো এলাকাটাই ছিল ন্যাড়া। ঘরবাড়ি বলতে তেমন কিছু ছিল না। কিছু ক্লাবঘর, এসএ গ্রাউন্ড আর বাকিটা সবুজ।’ এখন সেই সবুজ শুধুই স্মৃতি।কী আছে গুলিস্তানে: ‘নতুন লন এক শ/ বাইচ্ছা লন এক শ...’, ‘জীবনে ভাইসাব অনেক ওষুধ খাইছেন, টাকা অনেকভাবে খরচ করছেন, রোগ ভালো হয় নাই। সেই ভাইরা আসেন...’, ‘কপাল যদি না হয় ফাঁকা...’, ‘টাকা-টাকা-টাকা/পুরান দিয়া নতুন লন’—এমন অনেক বাক্য আপনার কানে ঢুকবে নূর হোসেন চত্বর থেকে বঙ্গবন্ধু এভিনিউ ধরে নবাবপুর বা ফুলবাড়িয়ার দিকে হাঁটতে শুরু করলে। ফুটপাতজুড়ে রাখা পণ্যের পসরার পাশে দাঁড়িয়ে বিক্রেতারা বিরতিহীন আউড়ে চলেছেন এসব বুলি। আছে যানবাহনের শব্দ ও তীক্ষ হর্ন, মাইকে লটারির টিকিট ও অন্যান্য পণ্য বিক্রির প্রচার। আছে মজমা সাজিয়ে সর্বরোগের ধন্বন্তরি মহৌষধ-বিক্রেতাদের জ্বালাময়ী বক্তৃতা। কাউন্টার সার্ভিস বাসের সহকারীদের নিজ নিজ রুটের নাম ধরে তারস্বরে চিত্কার, ফুটপাতে সিডির দোকানের হিন্দি সিনেমার গান—সব মিলিয়ে শব্দব্রহ্মের বিকট তাণ্ডব। আছে হাজারো মানুষের ঠেলাঠেলি করে চলা, ভিড়। পল্লীকবি জসীমউদ্দীনের সেই বিখ্যাত ‘নিমন্ত্রণ’ কবিতাটি একটু বদলে মিলিয়ে নিতে পারেন এভাবে—‘তুমি যদি যাও দেখিবে সেখানে মোটরগাড়ির সনে/ রিকশা এবং অশ্ব-শকট ছুটিতেছে প্রাণপণে’।চৌপর দিনভর মহা ব্যস্ত গুলিস্তানে গন্তব্যের বাস ধরা বা সদরঘাটগামী ঘোড়ার গাড়িতে ওঠা থেকে শুরু করে মাছ-মাংস ছাড়া প্রয়োজনীয় সব কেনাকাটাও সেরে নেওয়া যাবে। গুলিস্তানের ফুটপাতে মিলবে না হেন বস্তু নেই। পোশাক-আশাক, পাদুকা-প্রসাধনী, ফলমূল থেকে গাছের চারা, গরমের দিনে ঠান্ডা শরবত, শীতের দিনে পিঠাপুলি, রোদচশমা, ব্যাগ, হাতুড়ি-বাটাল-চিমটে, বঁটি-খুন্তি, ন্যাপথলিন, দাঁত খিলাল করার কাঠি, ফরাসি বোতলে জিঞ্জিরার সুগন্ধি, তসবি-আতর-টুপি, চকচকে টাই, মলিন কোট, সিডি, মুঠোফোনের সেট—তালিকা অন্তহীন, অতএব ক্ষান্ত দেওয়া গেল। তবে কেনার সময় অবশ্যই সতর্ক হতে হবে। নইলে ঠকতে হবে নির্ঘাত। দাম শুনে ভড়কে না গিয়ে দরকষাকষি করা উত্তম; সেই সঙ্গে নিজের পকেটের দিকে বাড়তি মনোযোগ রাখা আবশ্যক। নইলে মার হয়ে যেতে পারে পকেট।ফুটপাতেও উত্তরাধিকার: গুলিস্তানের ফুটপাতেরও আছে উত্তরাধিকার। এখানে ভাসমান ও স্থায়ী—এ দুই ধরনের হকার আছে। স্থায়ী হকারেরা ফুটপাতে প্যাকিং বাক্স বা কাঠ দিয়ে তৈরি নিচু মঞ্চের মতো বানিয়ে পসরা সাজায়। কোথাও কোথাও পলিথিনের ছাউনিও আছে। এখানে নতুন কারও বসার সুযোগ নেই। অনেকের ২৫-৩০ বছরের ব্যবসা। এমন অনেকে আছেন, যাঁদের বাবাও এখানে ব্যবসা করেছেন। উত্তরাধিকারসূত্রে ওই জায়গায় এখন বসছেন তাঁরা। এঁদেরই একজন নোয়াখালীর সোনাইমুড়ির মাসুম রানা। জীবন বীমা ভবনের সামনে তাঁর রোদচশমার পসরা। জানালেন, তাঁর বাবা আবু তাহের স্বাধীনতার পরপর এখানে ব্যবসা শুরু করেছিলেন, এখন করছেন তিনি। কেউ ব্যবসা ছেড়ে দিলেও জায়গাটি ভাড়া দেন। অনেকের একাধিক জায়গা আছে। নিজে একটিতে ব্যবসা করেন, অন্যগুলো ভাড়া দেন। প্রতি মাসে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত এসব জায়গার ভাড়া। ভাসমান হকাররা থাকেন প্রধানত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে, আন্ডারপাস-সংলগ্ন সংযোগ সড়কের ওপর। এ ছাড়া উভয় পাশের সড়ক ও সড়কবিভক্তির ওপরও থাকে পসরার ছড়াছড়ি। এখানে ভাড়াপদ্ধতি নেই। তবে মঝেমধ্যে পুলিশ তাড়া দিলে পসরা নিয়ে দ্রুত সরে পড়তে হয়। তাদের ‘লাইন ফিস’ দিতে হয় রোজ ২০ থেকে ৩০ টাকা।গুলিস্তান সিনেমা হলের হোল্ডিং নম্বর ছিল বি বি এভিনিউ ২। ১ নম্বর হোল্ডিং নম্বরের ভবনটিও একটি বাণিজ্যিক ভবন। আগে এখানে চশমার দোকান ছিল। এখানে পুব পাশ দিয়ে ভবনগুলো উত্তর দিকে ঘুরে এসে নূর হোসেন চত্বর দিয়ে রমনা ভবন, জাতীয় গ্রন্থকেন্দ্র, পীর ইয়ামেনী মার্কেট, বি বি এভিনিউ হকার্স মালিক সমিতির মার্কেট হয়ে বি বি এভিনিউ শেষ হয়েছে ফুলবাড়িয়ার সিটি ট্রেড সেন্টারের সামনে। এই হলো গুলিস্তান। এ এলাকায়ই আছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কার্যালয়, টিসিবিসহ বিভিন্ন বাণিজ্যিক সংস্থার কার্যালয় এবং অসংখ্য ছোট-বড় দোকান, বিপণিবিতান, আবাসিক হোটেল, খাবারের হোটেল ইত্যাদি। এর মধ্যে রমনা ভবন, সলিমাবাদ ভবন, হোটেল আল মনসুর, খুলনা বিল্ডিং, আওয়ামী লীগের কার্যালয়সহ কয়েকটি ভবন পুরোনো। বাকি সব নতুন ভবন। কোনো কোনো বহুতল ভবনের নির্মাণকাজ চলছে, উঠছে নতুন বহুতল ভবন।গোলাপ শাহর মাজার: গুলিস্তানে রাস্তার ঠিক মাঝখানে রয়েছে গোলাপ শাহর মাজার। এ প্রসঙ্গে ঐতিহাসিক মুনতাসীর মামুন তাঁর এই ঢাকায় বইয়ে ‘সব মাজার মাজার নয়’ প্রবন্ধে উল্লেখ করেছেন, এখানে একটি প্রাচীন নিমগাছ ছিল এবং গাছতলায় ছিল একটি পুরোনো কবর। তখন এটিকে বলা হতো নিমগাছতলার মাজার। পরে একসময় এর নাম হয় সেকেন্দার শাহর মাজার। আসলে এখানে কার মাজার আছে তা কেউ জানে না। জনৈক গোলাপ শাহ এ কবরটির দেখভাল করতেন। তাঁকেও এখানে কবর দেওয়া হয়। এবং সেখান থেকেই নিমগাছতলার মাজার হয়ে গেছে গোলাপ শাহর মাজার। প্রতিদিন বহু মানুষ মাজারের লোহার গ্রিলের ফাঁক দিয়ে টাকা দান করেন। নতুন-পুরোনো অজস্র নোট থাকে মাজারের ভেতর।বেদনার স্মৃতি: দেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে নানা ঘটনার কারণে বিশেষ স্থান অধিকার করে থাকা গুলিস্তানে বেদনার স্মৃতিও আছে। এখানে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আইভি রহমানসহ হতাহত হয়েছিলেন শতাধিক নেতা-কর্মী। ১৯৮৭ সালের ১০ নভেম্বর (জিরো পয়েন্টে) স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে পুুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন নূর হোসেন।গুলিস্তান না থেকেও রয়ে গেছে। থেকে যাবে জনতার মুখে মুখে কাল থেকে কালান্তরে।