গুলিস্তান শপিং কমপ্লেক্সের লিফটের স্থান থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তানে আজ সোমবার দুপুরে নির্মাণাধীন একটি বহুতল মার্কেটের সপ্তম তলার লিফট বাসনোর ফাঁকা স্থান থেকে নিচে পড়ে আবুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ দুপুর ১২টার দিকে বৃদ্ধ আবুল হোসেন গুলিস্তান শপিং কমপ্লেক্সের সপ্তম তলায় হাত দিয়ে লিফট ফাঁকা করে উঁকি দিলে মাথা ঘুরে নিচে পড়ে যান। এ সময় লিফটটি নয়তলায় অবস্থান করছিল। প্রায় ঘণ্টাখানেক পর ফায়ার সার্ভিসের কর্মীরা লিফটের স্থানের নিচতলায় নেমে আবুল হোসেনকে উদ্ধার করেন। এরপর তাঁকে অচেতন অবস্থায় বেলা সোয়া একটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সার্জেন্ট সরদার বুলবুল আহমেদ জানান, আবুল হোসেন লিফটের দরজা লাগানো দেখতে পেয়ে দুই হাত দিয়ে টেনে তা ফাঁকা করে উঁকি দেন। এ সময় শপিং কমপ্লেক্সের একজন কর্মচারী পেছন থেকে পাঞ্জাবি টেনে ধরলে এর কিছু অংশ ছিঁড়ে তাঁর হাতে থেকে গেলেও আবুল নিচে পড়ে যান।পারিবারিক সূত্র জানায়, আবুল হোসেন পুরান ঢাকার পাটুয়াটুলীর ১৫, কবিরাজ গলিতে থাকতেন। গতকাল সকালে তিনি বাসা থেকে বেরিয়ে গুলিস্তান শপিং কমপ্লেক্সে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।