গুলিস্তানে সন্ত্রাসীদের গুলিতে বাসচালক নিহত
রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিজামউদ্দিন বিশ্বাস (২৬) নামের একজন বাসচালক নিহত হয়েছেন। জনতা এ ঘটনায় দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিজামউদ্দিন এয়ারপোর্ট-গুলিস্তান রুটের তিন নম্বর বাসের চালক। তাঁর বাবার নাম ইউনুস আলী এবং বাসা মিরপুরে।গণপিটুনির শিকার দুজন হলেন নিয়াজ মোর্শেদ (৩৫) ও খোকন (৩২)। তাঁরা দুই ভাই। তাঁদের বাসা ১০ সিদ্দিকবাজার।নিহতের বোন ও সহকর্মীরা জানান, আজ সকাল সাড়ে ছয়টার দিকে একটি বাসের সামনে ওই দুই ভাইয়ের সঙ্গে এক পরিবহন শ্রমিকের ধাক্কা লাগে। এ নিয়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এ সময় অন্য পরিবহন শ্রমিকেরা এগিয়ে আসেন। কথাকাটাকাটির একপর্যায়ে কেউ একজন গুলি ছুড়লে নিজামউদ্দিনের গলায় ও শরীরে গুলি লাগে। পরে ওই দুই ভাই এবং আরও একজন পালিয়ে যাওয়ার সময় জনতা দুই ভাইকে ধরে গণপিটুনি দেয়। তবে অন্যজন পালিয়ে যায়।নিজামউদ্দিনকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এদিকে ঘটনার পর পরিবহন শ্রমিকেরা হাসপাতালের সামনে পালিয়ে যাওয়া সন্ত্রাসীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা লাশ ময়নাতদন্ত ছাড়া ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে হাসপাতালের পাশে থাকা ক্যাম্পের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমিরউদ্দিন আহমেদ জানান, ওই দুই ভাই ব্যবসায়ী। তাঁরা ওসমানী উদ্যানে প্রাতর্ভ্রমণ শেষে ফেরার পথে পরিবহন শ্রমিকের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে কথাকাটাকাটি ও মারামারি হয়। এ সময় ওই দুই ভাই ফোন করে কাউকে ঘটনাস্থলে আসতে বলেন। এর মধ্যে কেউ একজন গুলি করলে নিজামের শরীরে দুটি গুলি লাগে। ফলে ওই দুই ভাইকে গণপিটুনি দেওয়া হয়। বর্তমানে গণপিটুনির শিকার ওই দুই ভাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।