রাজধানীর গুলিস্তানে গতকাল শুক্রবার বিকেলে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষে সাত পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) রয়েছেন। এ ঘটনায় ১২ জন হকারকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের সামনের সড়ক দখল করে বসা হকারদের উচ্ছেদ করতে গেলে সংঘর্ষ শুরু হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আহাদ পুলিশ বক্সের সামনের ফুটপাত ও সড়কজুড়ে হকাররা পসরা সাজিয়ে বসলে দুপুরের পর ওই সড়কসহ আশপাশের সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে পল্টন থানার পুলিশ বেলা তিনটার দিকে সেখানে গিয়ে হকারদের উচ্ছেদের চেষ্টা করে এবং তাঁদের কিছু মালামাল পুলিশের পিকআপ ভ্যানে তোলে। হকাররা এতে বাধা দিলে পুলিশ তাদের লাঠিপেটা করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয় এবং একপর্যায়ে সংঘর্ষ বাধে। ওই এলাকার হকারদের সঙ্গে আশপাশের হকাররাও যোগ দিয়ে পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়ে। এ সময় থানার পুলিশের সঙ্গে দাঙ্গা পুলিশও যোগ দেয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে হকাররা পিছু হটে। কিন্তু কিছুক্ষণ পর তারা আবার পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ একপর্যায়ে বঙ্গবন্ধু এভিনিউ, ফুলবাড়িয়া ও জিপিও এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় হকাররা পল্টন থানার ওসি শহীদুল হকের গাড়ি এবং যে পিকআপে হকারদের মালামাল তোলা হয়েছিল, সেটি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ শটগানের গুলি ছোড়ে হকারদের ছত্রভঙ্গ করে দেয় এবং লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে আহত ৩০ জনের মধ্যে পল্টন থানার ওসিসহ পুলিশের সাত সদস্য, পথচারী ও হকাররা রয়েছেন। সংঘর্ষের সময় ১২ জন হকারকে আটক করা হয়।আহত পথচারী বিল্লাল হোসেনকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পুলিশের সাত সদস্যকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। আহত হকাররা ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।সংঘর্ষের সময় ওই এলাকায় ঈদের কেনাকাটা করতে আসা নারী-পুরুষেরা আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করে। এ সময় গুলিস্তান এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকলেও আশপাশের সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট।সংঘর্ষের জন্য পুলিশকে দায়ী করে হকার রওশনের অভিযোগ, চাঁদা না দিলেই পুলিশ হকারদের উচ্ছেদ করতে আসে। গতকাল উচ্ছেদ করতে এলে হকাররা বাধা দেয়। এরপর হকারদের পেটানো হয়।পল্টন থানার ওসি শহীদুল হক বলেন, হকাররা সড়কের ওপর দোকান সাজিয়ে বসায় যানজট সৃষ্টি হয়। এ জন্য হকারদের উচ্ছেদ করতে গেলে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের ভিত্তি নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ৩০টি গুলি ও কাঁদানে গ্যাসের ১৩টি শেল নিক্ষেপ করতে বাধ্য হয়।ওসি জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে হকারদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক ১২ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।ডিএমপির বক্তব্য: এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর সড়ক হকারমুক্ত রাখতে ডিএমপির পক্ষ থেকে নিয়মিত ব্যবস্থা নেওয়া হয়। এ ব্যাপারে ডিএমপির নির্দেশনা গণমাধ্যমেও প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। যানজট নিরসনে জনসাধারণসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে রাজধানীর ফুটপাত এবং রাস্তা হকারমুক্ত রাখার জন্য পুলিশের ওপর চাপ রয়েছে। তা সত্ত্বেও ডিএমপি ফুটপাতে পথচারী চলাচলের জন্য পর্যাপ্ত স্থান রেখে ফুটপাতের এক পাশ দিয়ে হকার বসার নীতি গ্রহণ করে। গতকাল বেলা তিনটায় হকারেরা ফুটপাত ছাড়িয়ে গুলিস্তানের আহাদ পুলিশ বক্স ও ঢাকা ট্রেড সেন্টারের মাঝের গুরুত্বপূর্ণ সড়ক দখল করে দোকান বসায়। প্রথমে টহল পুলিশ তাঁদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। কিন্তু হকাররা এ অনুরোধে কর্ণপাত না করে সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়।