গুলিস্তানে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৩০, গ্রেপ্তার ১২
রাজধানীর গুলিস্তান এলাকায় আজ শুক্রবার বিকেলে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১২ হকারকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ বিকেল তিনটার দিকে গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের সামনের ফুটপাত ও রাস্তা জুড়ে হকাররা পসরা সাজিয়ে বসে। এতে ওই সড়কসহ আশপাশের সড়কগুলোয় যানজটের সৃষ্টি হয়। এ সময় পল্টন থানার পুলিশ হকার উচ্ছেদে তাদের মালামাল পুলিশের গাড়িতে তোলে। এ সময় হকাররা বাধা দিতে গেলে পুলিশ তাদের লাঠিপেটা করে। এ নিয়ে উভয়ের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয় এবং একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় ওই এলাকার হকারদের সঙ্গে আশপাশের সব হকার একত্র হয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। এ সময় থানার পুলিশের সঙ্গে দাঙ্গা পুলিশ যোগ দেয়। তারা হকারদের দমাতে কাঁদানে গ্যাস ছুড়লে বিক্ষুব্ধ হকাররা কিছুক্ষণের জন্য পিছু হটে যায়। পরে আবার তারা এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ একপর্যায়ে বঙ্গবন্ধু এভিনিউ, ফুলবাড়িয়া ও জিপিও এলাকায় ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ হকাররা পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হকের গাড়ি ও হকারদের মালপত্র উঠানো আরেকটি পিকআপে ব্যাপক ভাঙচুর করা হয়। ছুটির দিনে ঈদের কেনাকাটা করতে আসা নারী-পুরুষ আতঙ্কিত হয়ে ছুটোছুটি করেন।এ সময় গুলিস্তান এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ছুড়লে হকাররা ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।সংঘর্ষে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল হকসহ সাত পুলিশ, পথচারী, হকারসহ অন্তত ৩০ জন আহত হয়। আহত বিল্লাল হোসেন (৩৫) নামের এক পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পুলিশের সাত সদস্যকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য হকাররা স্থানীয় ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।সংঘর্ষের জন্য পুলিশকে দায়ী করে হকার রওশন অভিযোগ করেন, পুলিশ তাঁদের কাছ থেকে চাদা নেয়। চাঁদা না দেওয়া হলেই পুলিশ হকার উচ্ছেদ করতে আসে। আজও তারা উচ্ছেদ করতে এলে হকাররা বাধা দেয়। এতে হকারদের পেটানো হয়।জানতে চাওয়া হলে পল্টন থানার ওসি শহীদুল হক প্রথম আলোকে বলেন, হকাররা রাস্তার ওপর দোকান সাজিয়ে বসায় যানজটের সৃষ্টি হয়। হকারদের উচ্ছেদ করতে গেলে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের কোনো ভিত্তি নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০টি শটগানের গুলি ও ১৩টি কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে বাধ্য হয়েছে।ওসি জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে হকারদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক ১২ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের বক্তব্য: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর রাস্তা হকারমুক্ত রাখতে ডিএমপির পক্ষ থেকে নিয়মিত ব্যবস্থা নেওয়া হয়। এ-সংক্রান্ত ডিএমপির নির্দেশনা গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।যানজট নিরসনে জনসাধারণ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে রাজধানীর ফুটপাত ও রাস্তা হকারমুক্ত রাখার জন্য পুলিশের ওপর চাপ রয়েছে। তা থাকা সত্ত্বেও ডিএমপি ফুটপাতে পথচারী পারাপারের জন্য পর্যাপ্ত স্থান রেখে ফুটপাতের একপাশ দিয়ে হকার বসার নীতি গ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে গুলিস্তান এলাকার ব্যস্ততম রাস্তা থেকে হকারদের সরিয়ে নিতে পুলিশ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছে। আজ বিকেল তিনটায় গুলিস্তানের আহাদ পুলিশ বক্স ও ঢাকা ট্রেড সেন্টারের মাঝের গুরুত্বপূর্ণ সড়কে হকাররা ফুটপাত অতিক্রম করে রাজপথ দখল করে তাদের দোকান বসায়। প্রথমে টহল পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করে। কিন্তু হকাররা পুলিশের অনুরোধে কর্ণপাত না করে সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়।