গুলিস্তানে ১০ হাজার নকল জাতীয় পরিচয়পত্র উদ্ধার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩) একটি দল রাজধানীর গুলিস্তানে দুটি মোবাইলের দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার নকল জাতীয় পরিচয়পত্র, ১২ হাজার ছবি ও দুই হাজার ৬১০টি মোবাইলের সিম উদ্ধার করে। এ ঘটনায় দোকান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন মাহমুদুল হাসান, নূর মোহাম্মদ খান ও নজরুল ইসলাম।র্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার রাজীব আল মাসুদ জানান, দোকানিরা অনেক দিন থেকেই কেরানীগঞ্জের জনৈক কামালের কাছ থেকে ৪০ পয়সায় এসব জাতীয় পরিচয়পত্র কিনে আনতেন। মোবাইল কোম্পানির লোকজন যখন তাদের সিমগুলোর কাগজপত্র পরীক্ষা করতে আসতেন, তখন ওই দোকানিরা কাগজপত্রের সঙ্গে পরিচয়পত্র ও ছবি জুড়ে দিয়ে প্রতারণা করতেন।রাজীব আল মাসুদ জানান, এসব সিম ব্যবহার করে সন্ত্রাসীরা চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। তাই তাদের ধরতে বেগ পেতে হয়।পুরো চক্রকে ধরতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের র্যাবের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।