গুলের কাঁধেও অনেক দায়িত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দম বন্ধ করা গুমোট ঘরে ঢুকেছে টানা জয়ের মুক্ত বাতাস। সবার মেজাজই তাই দারুণ ফুরফুরে। যাঁকে চাওয়া হচ্ছে, তাঁকেই এনে হাজির করছেন ম্যানেজার ইন্তিখাব আলম। মন খুলে অনেকক্ষণ ধরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন শোয়েব আখতার। সেটা দেখে আবার শহীদ আফ্রিদির টিপ্পনী, ‘পুরো একটা বই লেখাবে নাকি!’ এমনকি নিভৃতচারী, মুখচোরা উমর গুলও হাজির হচ্ছেন রসের হাঁড়ি নিয়ে!একটা নমুনা শুনুন। ওয়াসিম-ওয়াকারের ভিডিও দেখে রিভার্স সুইং শেখার প্রসঙ্গ উঠতেই গুলের জবাব, ‘এখন তো “লাইভ”ই দেখছি, ভিডিও দেখার কী দরকার!’ ঠিকই তা, কোচের ভিডিও দেখতে হবে কেন, প্রয়োজনে তিনি তো সরাসরিই দেখাবেন।রিভার্স সুইং শিল্পের অন্যতম সেরা শিল্পীদের একজন গুল। ছন্দে থাকলে পুরোনো বলে তাঁর মতো বিধ্বংসী বিশ্বে খুব কমই আছে। গুল অবশ্য বলছেন, রিভার্স সুইংটা ঠিক পুরোনো বল কিংবা ভিডিও দেখে বা টিপস নিয়ে করার ব্যাপার নয়। প্রয়োজন প্রচুর অনুশীলন আর একটু প্রকৃতিদত্ত প্রতিভা। গুলের দাবি, পাকিস্তানি বোলাররা নাকি রিভার্স সুইং প্রকৃতিগতভাবেই শিখে ফেলে। আদতে আরেকটা ব্যাপারও আছে এবং সেটাও সবার জানা। প্রজন্ম থেকে প্রজন্মে এই বিদ্যার হাতবদল।গুল অবশ্য বিশ্বকাপে এখনো পুরো ছন্দ খুঁজে পাননি। প্রথম ম্যাচে শহীদ আফ্রিদি তাঁকে বোলিং করিয়েছেন মাত্র ৪ ওভার, তাতে ১২ রানে ২ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রানে ১ উইকেট। এ নিয়ে গুলের ব্যাখ্যাটা বুঝিয়ে দিল, কথা বলা ভালো রকমই শিখে গেছেন ২৬ বছর বয়সী পেসার, ‘আমাদের একাদশে উইকেট নেওয়ার দায়িত্ব মূলত শোয়েব, শহীদ আর আমার। তিনজনই তো একসঙ্গে ভালো করা সম্ভব নয়। আমাদের তাই চেষ্টা থাকে, অন্তত দুজন যেন প্রতি ম্যাচেই ভালো করে। খারাপ দিন যেকোনো বোলারের আসতে পারে। কিন্তু উইকেট শিকারিদের দায়িত্ব নিয়ে বোলিং করতে হবে।’শুধু বলার জন্য বলা নয়। গুল শোনালেন, এই দায়িত্ব নেওয়ার পেছনে ছোট্ট একটা গল্পও, ‘বিশ্বকাপের আগে আমরা ছয়-সাতজন সিনিয়র ক্রিকেটার একসঙ্গে বসেছিলাম। আমরা ঠিক করেছিলাম, আমাদের অনেক দায়িত্ব নিতে হবে। জুনিয়র ক্রিকেটারদের সামনে উদাহরণ সৃষ্টি করতে হবে এবং ওদের যতটা পারা যায় সাহায্য করতে হবে।’এই দায়িত্বের নমুনাও পেশ করলেন খানিকটা পরই। খোশমেজাজে থাকলেও শোয়েবের মতো বোমা ফাটানো কোনো কথা বলেননি গুল। আসিফ-আমির না থাকা নিয়ে তাই তাঁর পরিণত মন্তব্যই বুঝিয়ে দিল দায়িত্ব কতটা ভালোভাবে পালন করছেন, ‘দেখুন, ইংল্যান্ড সফরের পর আমাদের এই দলটাই একসঙ্গে খেলছি। কখনোই মনে হয়নি, আসিফ-আমির এই দলে নেই। তবে কোনো সন্দেহ নেই, ওরা ছিল আমাদের সম্পদ। কিন্তু এখন ওয়াহাব, শোয়েব ভালো ছন্দে আছে। আমার তাই মনে হয় না আসিফ-আমির না থাকায় খুব বেশি পার্থক্য হবে।’‘সিনিয়রদের দায়িত্ব বৈঠক’, এমন অভাবনীয় কিছু এর আগে পাকিস্তান ক্রিকেটে আর হয়েছে কি না সন্দেহ। শহীদ আফ্রিদির পাকিস্তান তো দেখা যাচ্ছে আসলেই একটু অন্য রকম।