গুয়াতেমালায় ভূমিকম্পে নিহত ৪৮
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার উপকূলে গতকাল বুধবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ৪ তীব্রতার এই ভূমিকম্পে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ভূমিকম্পে ঘরবাড়ি, যানবাহন ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুত্হীন হয়ে পড়েছে ৭৩ হাজার মানুষ। এই বিপুল ক্ষয়ক্ষতি লোকজনকে প্রতিবেশী দেশ মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে চলে যেতে বাধ্য করে।মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল গুয়াতেমালা সিটি থেকে ১০০ মাইল দূরে, মাটির ২৬ মাইল গভীরে।উদ্ধারকর্মীরা জানান, নিহত ব্যক্তিদের বেশির ভাগই মেক্সিকান সীমান্তের কাছে সান মারকোস রাজ্যে পাহাড়ি অঞ্চলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। এ ছাড়া ভূমিধসের কারণে মহাসড়কগুলো অবরুদ্ধ হয়ে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।সান মারকোস থেকে রাজধানী গুয়াতেমালা সিটিতে ফিরে প্রেসিডেন্ট অততো প্যারিস মৃতের সংখ্যা নিশ্চিত করে বলেন, এখনো ২৩ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ১৫৩ জন জরুরি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।প্রেসিডেন্ট বলেন, ‘এটি সত্যিই খুব দুঃখজনক। অনেকের পরিবারের সদস্যরা এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে যা যা করণীয়, আমরা তার সবই করব।’রেডক্রসের স্থানীয় প্রধান কারলোস এনরিক আলভারাদো বলেন, সান মারকোসে ৭৫টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত হওয়ায় একটি কারাগার থাকা ১০১ জন বন্দীকে অন্য কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট প্যারিস বলেন, স্পেন ও ভেনেজুয়েলা সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। উদ্ধারকর্মীদের সহায়তা করতে ঘটনাস্থলে দুই হাজার সেনাসদস্য পাঠানো হয়েছে।