গৃহকর্তার বাসার সামনে শিশু গৃহকর্মীর লাশ
ভোরবেলা নামাজ পড়তে বের হয়ে একটি ছয়তলা ভবনের ফটকে এক শিশুকে পড়ে থাকতে দেখে এগিয়ে যান দিনমজুর মো. শাহাবুদ্দীন। কাছে গিয়ে দেখেন এটি তাঁর আট বছরের মেয়ে ফরমিন আক্তার, রক্তাক্ত-মৃত। দরজা ধরে ধাক্কাধাক্কি করেও কেউ খোলেনি। তাঁর চিত্কার-কান্নায় এলাকাবাসী এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।রাজধানীর দক্ষিণখানের নদ্দাপাড়া তালতলা এলাকার একটি বাসার পঞ্চম তলায় প্রকৌশলী রাশেদুল ইসলামের বাসায় কাজ করত শিশুটি। ওই বাসার ফটকেই পাওয়া যায় ফরমিনের লাশ। পুলিশ গৃহকর্তা ও তাঁর স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে।এদিকে শিশুটির হত্যার বিচার দাবিতে স্থানীয়রা আজ মঙ্গলবার সকালে বিমানবন্দর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে। এতে প্রায় এক ঘণ্টা বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ থাকায় পরে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়।নিহতের বাবা শাহাবুদ্দীন সাংবাদিকদের বলেন, দক্ষিণখানের নদ্দাপাড়ার তালতলা এলাকার মসজিদ রোডে রওশন ম্যানশনের পঞ্চম তলায় রাশেদুলের বাসায় চার মাস ধরে কাজ করছিল ফরমিন। পাশে একই এলাকায় আরেকটি বাসায় তিনি ভাড়া থাকেন। গতকাল ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় তিনি রওশন ম্যানশনের সামনের রাস্তায় একটি শিশুর দেহ পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখেন, সেটি তাঁরই মেয়ে। মেয়ের লাশ দেখে তিনি চিত্কার করে কাঁদতে শুরু করেন। ঘুম ভেঙে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে তারা গৃহকর্তা রাশেদুল ইসলামের কাছে গিয়ে মেয়েটির মৃত্যুর কারণ জানতে চায়। তবে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেন।দক্ষিণখান থানা-পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভোর সাড়ে পাঁচটার দিকে রক্তাক্ত লাশ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গৃহকর্তা রাশেদুল, তাঁর স্ত্রী সাবিনা জাহান, শ্বশুর আবদুল্লা হেল বাকি ও ভবনটির তত্ত্বাবধায়ক বাদশা ওরফে নকিবকে গ্রেপ্তার করে। রাশেদুল একটি মুঠোফোন কোম্পানির প্রকৌশলী। পুলিশ হেফাজতে রাশেদুল বলেন, সোমবার রাত ১২টার দিকে তাঁরা ঘুমাতে যান। সকালে জেগে এ ঘটনা জানতে পারেন। কীভাবে মেয়েটির মৃত্যু হয়েছে জানেন না বলে দাবি রাশেদুলের।এদিকে সকাল সোয়া নয়টার দিকে ফরমিনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর সময় বিমানবন্দর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় তারা বিক্ষোভ দেখান ও হত্যাকারীদের বিচার দাবি করে স্লোগান দেয়। প্রায় এক ঘণ্টা ধরে অবরোধের ফলে প্রচণ্ড দুর্ভোগে পড়েন অফিসমুখো যাত্রীরা। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। রাস্তা থেকে সরে এলাকাবাসী দক্ষিণখান থানার সামনে কিছুক্ষণ অবস্থান করে।দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হেকিম বলেন, ওই বাসার ভেতরেই মেয়েটিকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। পরে রাস্তায় লাশটি ফেলে দেওয়া হয়। মেয়েটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।