গৃহকর্মী নির্যাতন বন্ধে আইন তৈরির অনুরোধ ডিএমপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্মী নির্যাতন বন্ধে নতুন আইন তৈরির জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।আজ শনিবার রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে মতিঝিল থানা নারী কমিউনিটি পুলিশের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ এ অনুরোধ জানান।অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে বেনজীর আহমেদ বলেন, ১০-১২ বছরের শিশু, যাদের বেশির ভাগই কন্যাশিশু, তাদের গ্রাম থেকে এনে গৃহকর্মী হিসেবে কাজে লাগানো হয়। ওই বাচ্চাটিকে দিয়ে বাড়ির সব কাজ করানো হয়, এরপর কোনো ভুল হলে তাকে মারধর করা হয়। ঠিকমতো খেতেও দেওয়া হয় না—বিষয়গুলো অমানবিক। আইন করে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। তিনি বলেন, সেই আইনে উল্লেখ থাকবে গৃহকর্মীরা কত ঘণ্টা কাজ করবে, তাদের বয়স কত হবে। তাদের বেতনসহ অন্যান্য সুবিধা, ছুটি প্রভৃতি বিষয়ে আইনে উল্লেখ থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন। পুলিশ কমিশনার বলেন, গৃহকর্মীদের নির্যাতন করলে কঠোর শাস্তির ব্যবস্থা থাকতে হবে। আর গৃহকর্মী নির্যাতন বন্ধে নারী কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘বাংলাদেশের মেয়েরা এখন বাইরে বের হচ্ছে। তবে আমার ধারণা, এখনো ১০ শতাংশের বেশি নারী পুরোনো ধারণার গণ্ডি থেকে বাইরে বেরোতে পারেনি।’ পাড়ায় পাড়ায় নারী কমিউনিটি পুলিশের মাধ্যমে উঠান-বৈঠক করে, বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা তৈরি করা হলে গৃহকর্মী নির্যাতন বন্ধে গুরুত্বপূর্ণ কাজ হবে বলেও মন্তব্য করেন তিনি।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে মামলা করে অনেক পরিবারই নিঃস্ব হয়েছে। কমিউনিটি পুলিশের মাধ্যমে এসব অপরাধের মীমাংসা করে দিয়ে মামলা এড়ানো সম্ভব।পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের সাংসদ রাশেদ খান মেননসহ কমিউনিটি পুলিশের স্থানীয় নেতারা।