গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চারজন গ্রেপ্তার
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আজ রোববার বিকেলে চারজনকে গ্রেপ্তার করেছে সূত্রাপুর থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, সোনার গয়না চুরির অভিযোগ এনে আসমা (১৬) নামের ওই গৃহকর্মী এবং তার মা সালমার ওপর নির্মমভাবে নির্যাতন চালিয়েছেন বাড়ির মালিক।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুদি ব্যবসায়ী হারুনুর রশীদ, তাঁর স্ত্রী রানু, ছেলে শাহেদ ও ছেলের বউ (শাহেদের স্ত্রী) মিতু।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আসমা বেশ কিছুদিন ধরে ১৫/২ পাঁচভাই ঘাটলেনের হারুনুর রশীদের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত।২৭ আগস্ট হারুনুর রশীদের ছেলের বউ মিতুর কিছু গয়না খোয়া যায়। এরপর গয়না চুরির অভিযোগে তারা আসমাকে ব্যাপক মারধর শুরু করেন। আসমার মা সালমা উত্তরায় কাজ করেন। তাঁকেও ডেকে আনা হয়। এরপর বাড়ির লোকজন মা-মেয়েকে মারধর শুরু করেন। সালমার বাঁ কান কেটে দিয়েছেন তাঁরা। তাঁর পাসহ শরীরের বিভিন্ন জায়গায় রড ঢুকিয়ে জখম করা হয়েছে। লাঠি আর বেল্ট দিয়ে দুজনকে বেদম মারধর করা হয়।ওসি বলেন, আজ বিকেল তিনটার দিকে মা-মেয়ে সূত্রাপুর থানায় মামলা করতে আসেন। তাঁদের বর্ণনা শুনে মামলার আগেই পুলিশের একটি দল ওই বাড়িতে গিয়ে চারজনকে গ্রেপ্তার করে নিয়ে আসে।