গৃহকর্মী শিশু: ঘরে থেকেও আইনি সুরক্ষার বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর আগে নূরজাহান যখন রংপুর থেকে ঢাকায় আসে, তখন বয়স ছিল ১০। সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তার বাড়িতে কাজ করবে, বিনিময়ে খেতে-পরতে পারবে—এ কথা বলে এক আত্মীয় তাকে এনেছিল। তিন বছর পর যখন বাড়ি ফিরল, তখন নূরজাহান মৃত। লাশ পচে দুর্গন্ধ বেরোচ্ছে। শরীরে নির্যাতনের চিহ্ন। নূরজাহানের বাবা নূর ইসলামের কাছে বস্তাবন্দী লাশ দিয়ে গৃহকর্তা বলেন, শিশুটি ডায়রিয়ায় মারা গেছে। তিন বছরে নূরজাহান একটিবারের জন্যও বাড়িতে যাওয়ার অনুমতি পায়নি। তার পরিবার জানতে পারেনি কোথায়, কীভাবে ছিল শিশুটি। নূরজাহানের ঘটনাটি বিচ্ছিন্ন কিছু নয়। প্রায়ই নির্যাতনের শিকার ও গুরুতর জখম বা মৃত্যু না হওয়া পর্যন্ত শিশু গৃহকর্মীদের নিয়ে সংবাদ প্রচার বা সুরক্ষার বিষয়ে কোথাও আলোচনা হয় না। মানবাধিকার প্রতিষ্ঠান আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যমতে, এ বছর প্রথম পাঁচ মাসে শারীরিক নির্যাতনের ফলে মারা গেছে গৃহকর্মী আট শিশু, রহস্যজনক মৃত্যু হয়েছে চারজনের, ১৩-১৮ বছর বয়সী আটজন আত্মহত্যা করেছে। আরও কত শিশু আইনি সুরক্ষার বাইরে রয়েছে, সে তথ্য কারও কাছে নেই। ২০০৬ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) যৌথভাবে জরিপ করে। জরিপ প্রতিবেদনে বলা হয়, সারা দেশে চার লাখ শিশু গৃহকর্মী হিসেবে কাজ করছে। এদের মধ্যে এক লাখ ৩২ হাজার রয়েছে রাজধানী ঢাকায়। আন্তর্জাতিক শ্রম সংস্থা সনদ (১৮২) অনুযায়ী, শিশুশ্রমের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো শিশুদের দাস হিসেবে ব্যবহার করা।আসক ও সেভ দ্য চিলড্রেন (সুইডেন-ডেনমার্ক) এ মাসে শিশু গৃহকর্মীদের ওপর ‘গৃহের অভ্যন্তরে, আইনি সুরক্ষার বাইরে’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, শ্রম আইনে (২০০৬) শিশু গৃহকর্মীদের ব্যাপারে কিছু বলা নেই। ফলে শ্রম বিভাগের পরিদর্শক কারও বাড়িতে গিয়ে শিশুশ্রমিকের অবস্থা জানতে পারেন না। এর বাইরে দেশে শিশুদের নিয়ে আইন আছে ৩৫টি, কিন্তু গৃহশ্রমিকদের বিষয়ে বিস্তারিত আইন নেই। আইন বলতে ‘গৃহকর্মী নিবন্ধন অধ্যাদেশ ১৯৬১’ আছে। এতে গৃহকর্মীদের নিজ উদ্যোগে থানায় গিয়ে নাম নিবন্ধনের কথা বলা হয়েছে। তার অধিকার বা নিয়োগকর্তার দায়িত্ব সম্পর্কে তাতে কিছু বলা নেই। নির্যাতনের শিকার শিশু দণ্ডবিধি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর আওতায় বিচার চাইতে পারে। কিন্তু তাদের পরিবারগুলো দুর্বল থাকে বলে বেশির ভাগ ক্ষেত্রে আপস করতে বাধ্য হয়।২০০৯ সালের জাতীয় শিশুশ্রম নিরসন নীতিমালা গৃহকর্মকে অনানুষ্ঠানিক খাতের চাকরি হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ জাতিসংঘের শিশু অধিকার সনদে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে প্রথম কাতারে রয়েছে। কিন্তু শিশু গৃহকর্মীদের বিষয়ে সরকারের বিস্তারিত কর্মসূচি নেই।আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, শিশু গৃহকর্মীদের ক্ষেত্রে শিশু অধিকার সনদের লঙ্ঘিত হচ্ছে অহরহ। তিনি বলেন, এই শিশুদের অধিকার নিশ্চিত করতে নিবন্ধনের ব্যবস্থার পাশাপাশি নজরদারির জন্য জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশু গৃহকর্মীদের বিষয়ে কী করা যায়, তা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালার খসড়া প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, এটি চূড়ান্ত হলে অনেক সমস্যার সুরাহা হতে পারে। দারিদ্র্য, কাজের চাপ আর বৈষম্য: আসক ও সেভ দ্য চিলড্রেনের জরিপে দেখা গেছে, ৯২ ভাগ শিশু গৃহশ্রমিকের কাজ করে দারিদ্র্যের কারণে। ৩৭ শতাংশ শিশু বলেছে, মা-বাবা লেখাপড়ার ব্যয়ভার বহন করতে অক্ষম ও ২৬ শতাংশ শিশুর পরিবারে খাবারের অভাব রয়েছে। ১৭ শতাংশ শিশু পরিবারের সংকট দেখে স্বেচ্ছায় গৃহকর্মী হিসেবে মা-বাবাকে ছেড়ে শহরে আসে।৬৬ শতাংশ শিশু বলেছে, তারা দৈনিক গড়ে পাঁচ ঘণ্টা ঘুমানোর সুযোগ পায়। ৩৬ শতাংশ শিশু জানায়, তারা দিনে ৯-১২ ঘণ্টা, ৩০ শতাংশ শিশু ১৩-১৫ ঘণ্টা, ১৬ শতাংশ শিশু ১৬-১৮ ঘণ্টা কাজ করে।জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, বিকেল চারটার আগে ২০ শতাংশ শিশু দুপুরের খাবার খাওয়ার সুযোগ পায়। দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত ৩২ থেকে ৮০ শতাংশ গৃহকর্মী শিশু থালাবাসন ধোয়া, ঘর মোছা, বিছানা গোছানো, শাকসবজি ও মাছ কোটা-বাছা, কাপড় ধোয়া, দুপুরের খাবার রান্না, পানি আনা, নিয়োগকর্তার শিশুকে স্কুলের জন্য প্রস্তুত করা, নিয়োগকর্তার জন্য বাজার করা, চা বানানো ইত্যাদি কাজ করে। সন্ধ্যার পরও এই গৃহকর্মী শিশুদের সিংহভাগ লেখাপড়ার সময় পায় না। এসব শিশুর মাত্র ৪ থেকে ৫ শতাংশ খেলাধুলা ও বিনোদনের সুযোগ পায়।অন্যদিকে, নিয়োগকর্তার শিশুরা ওই একই সময়ে পড়াশোনা করা, গোসল করা, ভাত খাওয়া, স্কুলে যাওয়া, ঘুমানো, খেলা, টিভি দেখা, বন্ধুদের সঙ্গে গল্প করা বা বেড়াতে বের হয়ে সময় পার করে।সরকারের উদ্যোগ: প্রবাসী কল্যাণ ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান প্রথম আলোকে বলেন, শ্রম আইনে গৃহকর্মীদের সুরক্ষা নিয়ে কিছু বলা ছিল না। সম্প্রতি সরকার গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা, ২০১০-এর খসড়া তৈরি করেছে। তাতে বলা হয়েছে, ১৪ বছর বয়সের নিচে কোনো শিশুকে গৃহকাজে নিয়োগ করা যাবে না। তিনি জানান, খসড়া বিধিমালায় বলা হয়েছে, শিশুর স্বাস্থ্য ও উন্নতির জন্য বিপজ্জনক হবে এমন কাজে শিশুকে নিয়োগ করা যাবে না, শিশুর শিক্ষা বাধাগ্রস্ত করা যাবে না, শিশুকে তালাবদ্ধ করে রেখে ঘরের বাইরে যাওয়া যাবে না, শিশুর বয়স ও সামর্থ্য অনুযায়ী কাজ দিতে হবে এবং শিশুর ইচ্ছার বিরুদ্ধে অনৈতিক কাজে নিয়োগ করা যাবে না।শ্রম মন্ত্রণালয় এই নীতিমালা কবে চূড়ান্ত করবে সে সম্পর্কে নিশ্চিত করতে পারেনি। নীতিমালাটির খুঁটিনাটি বিবেচনা করে এটি চূড়ান্ত করা হবে বলে সরকারি সূত্র জানিয়েছে।