গৃহকর্মী সেজে বিপুল টাকা, অলংকার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্মী সেজে কাজ নিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি করতেন শিউলি নামের এক নারী। তিনি মিরপুর, শাহ আলী, পল্লবী, রূপনগর, কাফরুল এলাকার ৪২টি বাসা থেকে অন্তত ৭০০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০-১২ লাখ টাকা চুরি করেছেন। একটি চক্রের সঙ্গে কাজ করেন শিউলি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছেন শিউলি। কয়েক দিন আগে ডিবি পুলিশ গাইবান্ধায় অভিযান চালিয়ে শিউলিকে গ্রেপ্তার করে। পরে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ গত মঙ্গলবার রাজধানীর রূপনগরে শিউলির চক্রের সদস্য তারিফকে এবং গতকাল বৃহস্পতিবার শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. শাহীন ও সুজন মিয়াকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান বলেন, শিউলির লক্ষ্য ও উদ্দেশ্য হলো, গৃহকর্মী সেজে বাসাবাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও টাকা চুরি করা। এ ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট বাড়ির নিরাপত্তাকর্মীর সঙ্গে সখ্য গড়ে তুলতেন। বাসায় ঢোকার মাধ্যম হিসেবে ব্যবহার করতেন ওই নিরাপত্তাকর্মীকে। শিউলি চুরি করে পালিয়ে যাওয়ার পর নিরাপত্তাকর্মীরা বিপদে পড়তেন। ডিবির কর্মকর্তা মশিউর রহমান আরও জানান, শিউলিদের মতো সংঘবদ্ধ আরও চক্র রয়েছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। সংবাদ ব্রিফিংয়ে শিউলিসহ চারজনকে সাংবাদিকদের সামনে আনা হয়। এ সময় শিউলি জানান, তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তাঁর সাবেক স্বামী তারিফ মিয়া খোঁজ নিয়ে তাঁকে জানাতেন ঢাকার কোন কোন এলাকার বাসায় গৃহকর্মীর দরকার। তারিফের দেওয়া তথ্যমতে তিনি নিজে ওই এলাকার বাড়ির নিরাপত্তাকর্মীদের সঙ্গে সখ্য গড়ে তুলে তাঁদের মাধ্যমে গৃহকর্মী হিসেবে কাজ নিতেন। অল্প সময়ে তিনি বাড়ির সবার আস্থা অর্জন করতেন। সঙ্গে করে আনা মুঠোফোনটি তিনি কোমরে গুঁজে রাখতেন। বাসার লোকজন বাইরে গেলে তিনি তাঁর সাবেক স্বামীকে মুঠোফোনে ডেকে এনে তাঁর মাধ্যমে বিকল্প চাবি বানিয়ে রাখতেন। সুযোগ বুঝে বাসা থেকে টাকা, অলংকার ও কাপড়চোপড় নিয়ে তিনি গাইবান্ধায় চলে যেতেন। শিউলি আরও জানান, চুরি করা স্বর্ণালংকার তিনি মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের আল হারুন জুয়েলার্সসহ মিরপুরের বিভিন্ন দোকানে বিক্রি করতেন। দোকানিরা ভরিপ্রতি ১৫ হাজার টাকা করে দিতেন। তিনি রোজার আগে মিরপুর, শাহ আলী, পল্লবী, রূপনগর, কাফরুল এলাকার বিভিন্ন বাসায় গৃহকর্মী সেজে কাজ নিয়ে ওই সব বাসা থেকে নগদ টাকা, কাপড়চোপড় চুরি করতেন। দুই-তিন মাস পর পর তিনি চুরি করতে ঢাকায় আসতেন। গোবিন্দগঞ্জে তাঁর বাসায় বেতনভুক্ত দুজন গৃহকর্মী রয়েছে বলেও জানান শিউলি।শিউলি বলেন, গত আট বছরে তিনি বিভিন্ন বাসা থেকে ১০-১২ লাখ টাকা ও ৭০০ ভরির বেশি সোনা চুরি করেছেন। এর অর্ধেকটা তিনি দিয়েছেন সাবেক স্বামীকে। চোরাই সোনার ক্রেতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শাহীন ও কর্মচারী সুজন জানান, কিছুদিন আগে তাঁদের উপস্থিতিতে দোকানের মালিক হারুন অর রশীদ ৪০ ভরি সোনা কিনেছেন শিউলির কাছ থেকে।