গৃহকর্মীদের সুখ-দুঃখ দেখার নেই কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ সারা দেশে গৃহকর্মী বা বাসাবাড়ির কাজে নিয়োজিত লোকের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন ও নিপীড়নের ঘটনা প্রায়ই পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। কিন্তু নীরবে মানসিক ও শারীরিক নির্যাতন সয়ে যাওয়া গৃহকর্মীদের কথা শোনার যেন কেউ নেই। রংপুরের তোরাব আলী তাঁর ১৪ বছরের মেয়ে শিরীনকে মাসিক এক হাজার টাকার বিনিময়ে ঢাকার কলাবাগানের একটি বাসায় কাজের মেয়ে হিসেবে রেখে যান। মাসখানেক পর তোরাব আলী তাঁর মেয়েকে দেখতে ঢাকায় আসেন এবং সেই বাসায় গিয়ে জানতে পারেন, তাঁর মেয়ে দুটি সোনার বালা চুরি করে পালিয়ে গেছে। কিন্তু অনেক খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। হতবিহ্বল শিরীনের বাবা মেয়েকে না পেয়ে যেমন অবাক হন, তার চেয়ে বেশি আশ্চর্য হন এই ভেবে যে তাঁর মেয়ে সোনার বালা চুরি করে কোথায় পালিয়ে যেতে পারে। এরপর তোরাব আলী কলাবাগান থানায় এ-সংক্রান্ত একটি জিডি করেন এবং তাঁর মেয়েকে খুঁজে দেওয়ার জন্য থানা কর্তৃপক্ষকে অনুরোধ করেন। হতদরিদ্র তোরাব আলীর পক্ষে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না। দীর্ঘ প্রায় আট মাস অতিবাহিত হয়ে গেছে, আজ পর্যন্ত তোরাব আলী তাঁর মেয়ের কোনো সন্ধান পাননি। যে বাসায় তিনি মেয়েকে রেখে গিয়েছেন, তাদের পক্ষ থেকেও মেয়েটিকে খোঁজার বিষয়ে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক প্রভাবশালী ধনাঢ্য পরিবারে লাবণী আক্তার (১১) নামের একটি মেয়ে কাজ করতে এসে যেকোনোভাবেই হোক আগুনে পুড়ে যায়। ওই পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করান এবং রংপুরের গঙ্গাচড়ায় অবস্থিত তার বাড়িতে খবর দেন। বাড়ি থেকে লাবণীর ভাই এসে তাকে দেখাশোনার দায়িত্ব নেয়। প্রথম অবস্থায় ওই পরিবারের লোকজন লাবণীর চিকিৎসার ব্যয় বহন করলেও একপর্যায়ে তারা লাবণীর প্রয়োজনীয় চিকিৎসা স্থগিত রেখে অল্প কিছু টাকা-পয়সা দিয়ে লাবণীর ভাইকে বলে লাবণীকে নিয়ে যাওয়ার জন্য। এ অবস্থায় লাবণীর প্রয়োজনীয় চিকিৎসা না করালে ভবিষ্যতে এই কারণে লাবণীর জীবনে অনেক বড় বিপর্যয় ঘটতে পারে। অথচ যে বাসায় কাজে নিয়োজিত থাকা অবস্থায় লাবণীর এই অবস্থা হলো, সেই বাসার লোকজন লাবণীর দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে অকৃতজ্ঞের মতো আচরণ করেছে।পিতৃহীন তাজমহলের মা মোসাম্মৎ রহিমা অনেক আশা-ভরসা করে একটু সুখের আশায় মেয়ে তাজমহলকে (১৬) ময়মনসিংহ থেকে নিয়ে এসে আদাবর মনসুরাবাদের একটি বাড়িতে কাজে দেন। ওই বাড়ির ছেলে প্রায় সময় তাজমহলকে উত্ত্যক্ত করত। তার পরও তাজমহল বাড়ির কাজকর্ম ঠিকঠাক করে যাচ্ছিল। একপর্যায়ে তাজমহলকে কুপ্রস্তাব দেয়। তাজমহল এ বিষয়ে এ ছেলের মাকে বারবার জানালেও তিনি কোনো ভ্রুক্ষেপ করেননি। একপর্যায়ে ০৩.০৩.১০ তারিখ তাজমহলের মামাকে জানানো হয় যে তাজমহল বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছে। তাজমহলের মামা আ. গণি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পারেন, একটি মোবাইল ফোনসেট চুরির ঘটনাকে কেন্দ্র করে বাড়ির গৃহকর্ত্রী ও তাঁর ছেলে তাজমহলকে প্রচণ্ড মারধর করে ছয়তলার ছাদে নিয়ে সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দিলে সে মারা যায়। উল্লিখিত ঘটনার পরিপ্রেক্ষিতে আ. গণি বাদী হয়ে আদাবর থানায় দণ্ডবিধির ৩০৪ ধারায় একটি মামলা দায়ের করেন, যার নম্বর ৩(০৩)১০। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা যায়, মেরে ফেলার আগে তাজমহলকে ধর্ষণ করা হয়েছে এবং সে ৩৫ দিনের গর্ভবতী ছিল। অর্থাৎ যে বাড়িতে তাজমহল কাজের মেয়ে হিসেবে ছিল, সেই বাড়ির গৃহকর্ত্রীর ছেলে তাজমহলকে শারীরিকভাবে নির্যাতন করত এবং এর ফলে তাজমহল গর্ভবতী হয়ে যায়। দিনের পর দিন এভাবেই অসহায় তাজমহলকে নির্মমভাবে অত্যাচার-নির্যাতন সহ্য করতে হতো। সে কাউকে মুখ ফুটে কখনোই কিছু বলতে পারেনি। প্রতিবাদের কোনো ভাষা তার জানা ছিল না আর এভাবেই তাজমহলের মতো কারও মেয়ে, কারও বোন, কারও মা যারা তার আত্মীয়স্বজনের কাছে অনেক আপন, অনেক আদরের, তারা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বঞ্চিত হচ্ছে মানুষ হিসেবে বেঁচে থাকার সব অধিকার থেকে। লেখক  প্রধান, আইন সেল, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।