গৃহকর্মীর ওপর নির্যাতনকারীর বিরুদ্ধে সরকার মামলা করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্মীদের সুরক্ষা ও কল্যাণের লক্ষ্যে প্রণীত একটি আচরণবিধি শিগগিরই মন্ত্রিসভায় উত্থাপনের অপেক্ষায় আছে।শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, প্রথমবারের মতো এ ধরনের আচরণবিধি তৈরি হচ্ছে বলে সরকার ভালো করে তা যাচাই-বাছাই করছে।শ্রম প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেছেন, সব দিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। শিগগিরই তা মন্ত্রিসভায় উত্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে।বাংলাদেশে গৃহকর্মীরা প্রায়ই নির্যাতনের শিকার হলেও ঘটনা খুব বড় না হলে তা সাধারণত প্রকাশই পায় না। তারা বঞ্চনা, শোষণ বা নির্যাতনের শিকার হলেও এর প্রতিকার পাওয়া দুরূহ। তাদের ছুটি, ন্যূনতম বেতন বা অন্যান্য অধিকারের বিষয়টি এখনো সুদূরপরাহত রয়ে গেছে।বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এ গৃহশ্রমিকদের অন্তর্ভুক্ত করা হয়নি। তাদের শ্রমকে উৎপাদনশীল শ্রম হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়নি। এই শ্রমিকদের স্বার্থ রক্ষা বা তাদের অবস্থার উন্নয়নের জন্য সরকারের কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। এ অবস্থার পরিপ্রেক্ষিতে ২২টি জাতীয় শ্রমিক ও মানবাধিকার সংগঠনের জোট ‘গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক’ নামের একটি আচরণবিধির খসড়া তৈরি করে শ্রম মন্ত্রণালয়ে জমা দিয়েছে। শ্রম আইনে এই শ্রমিকদের অন্তর্ভুক্ত করা এবং যত দিন তা করা সম্ভব হবে না, তত দিন এই বিধি অনুযায়ী শ্রমিকদের সুরক্ষা দেওয়ার দাবি করেছে জোটটি।‘গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক’-এর একাধিক প্রতিনিধি জানান, তাঁদের জমা দেওয়া বিধিটি চূড়ান্ত করে চলতি মাসেই মন্ত্রিসভায় উত্থাপনের কথা ছিল। তবে এখনো খসড়াটি চূড়ান্ত করা হয়নি।নেটওয়ার্কের সদস্য ‘আইন ও সালিশ কেন্দ্রের’ নির্বাহী পরিচালক আইনজীবী সুলতানা কামাল এ ‘বিলম্বে’ কিছুটা অসন্তোষ প্রকাশ করে বলেন, উচ্চবিত্তরাই মূলত গৃহকর্মীদের নির্যাতনের সঙ্গে সম্পৃক্ত। তাই আচরণবিধি চূড়ান্ত হয়ে গেলেই সমস্যা। এ জন্য যাচাই-বাছাইয়ের অজুহাত তুলে সময় নষ্ট করা হয়।‘আইন ও সালিশ কেন্দ্রের’(আসক) সংগৃহীত তথ্য মতে, ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৫৭২ জন শিশুগৃহকর্মী নির্যাতনের শিকার হয়। এদের মধ্যে প্রায় ৫০ শতাংশই নির্যাতনের কারণে মারা যায়। আসকের তথ্যমতে, নির্যাতনের পর শ্রমিকদের কেউ কেউ নারী ও শিশু নির্যাতন দমন আইনের আশ্রয় নেয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই নিয়োগকর্তার প্রভাব ও চাপে মামলাটির আপস নিষ্পত্তি করতে হয় গৃহকর্মী বা তার পরিবারকে।খসড়া আচরণবিধি অনুযায়ী, গৃহকর্মীর প্রতি অশালীন আচরণ এবং দৈহিক আঘাত ও নির্যাতন করা যাবে না। নির্যাতনের অভিযোগ পাওয়া গেলে সরকারই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করবে। গৃহকর্মীদের অবস্থা তদারকিতে পর্যবেক্ষণ সেল গঠনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।সুলতানা কামাল বলেন, সরকার বা পুলিশ ঘরে ঘরে গিয়ে নির্যাতনের শিকার গৃহকর্মীদের উদ্ধার করতে পারবে না। তাই স্থানীয় সরকারকে সম্পৃক্ত করে গৃহকর্মীর নিবন্ধন, অভিযোগকেন্দ্র গঠন ও নজরদারির ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।২০০৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) ঢাকার গৃহকর্মীদের ওপর একটি সমীক্ষা চালায়। সে জরিপ অনুযায়ী, প্রায় ৫০ শতাংশ কর্মীরই বয়স ছিল পাঁচ থেকে ১৫ বছরের মধ্যে। মেয়ে শ্রমিকের হার ছিল ৭৬ শতাংশের ওপরে। নিরাপত্তাহীনতা, চিত্তবিনোদনের অভাব, অনেকের ক্ষেত্রে যৌন নিপীড়ন ও সামর্থ্যের অতিরিক্ত কাজ করানো এগুলো প্রায় নিয়মিত ঘটনা ছিল।প্রস্তাবিত বিধিতে বলা হয়েছে, গৃহশ্রমিকের বয়স ১৪ বছরের কম হতে পারবে না। এ বয়সের শ্রমিকের ক্ষেত্রে অভিভাবকের সঙ্গে চুক্তিপত্রের ভিত্তিতে তাকে নিয়োগ দিতে হবে। চুক্তিপত্রে মজুরি, কর্মঘণ্টা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। বিধিতে সপ্তাহে এক দিন ছুটির ব্যবস্থা বাধ্যতামূলক করা এবং মাতৃত্বকালীনসহ বিভিন্ন ছুটির বিধান রাখা হয়েছে। নিবন্ধনের কোনো ব্যবস্থা না থাকায় দেশে গৃহশ্রমিকদের প্রকৃত সংখ্যা নিশ্চিতভাবে জানা কঠিন। ‘লেবার ফোর্স সার্ভে ২০০৬’-এর মতে, গৃহকর্মে নিয়োজিত ১৫ বছরের বেশি বয়সী শ্রমিকের সংখ্যা তিন লাখ ৩১ হাজার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় শিশু শ্রম জরিপ ২০০৩-এর তথ্য অনুযায়ী, পাঁচ থেকে ১৭ বছর বয়সী গৃহকর্মীর সংখ্যা ছিল এক লাখ ২৫ হাজার। তবে দেশে বর্তমানে ২০ লাখেরও বেশি শ্রমিক গৃহকর্মে নিয়োজিত বলে বেসরকারি প্রতিনিধিদের ধারণা।বিধিমালার খসড়ায় গৃহশ্রমিকদের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। তাদের নিয়োগপত্র ও পরিচয়পত্রও দিতে হবে। এ ছাড়া দুর্ঘটনায় ক্ষতিপূরণ, চাকরির অবসান, অভিযোগ জানানো প্রভৃতি বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ঘরে শ্রমিককে তালাবন্ধ করে না রাখা এবং অনৈতিক কাজ না করানোর মতো বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া মাসের প্রথম সপ্তাহে মজুরি পরিশোধ করা, অসুস্থ গৃহকর্মীর চিকিৎসার ব্যয়ভার নিয়োগকারীর বহন করার বিধান রাখা হয়েছে।গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়কারী ও বিলসের সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘নেটওয়ার্কের পক্ষ থেকে খসড়া আচরণবিধিটি মোটামুটি চূড়ান্ত করেই দেওয়া হয়েছে। এখন যাতে যাচাইয়ের নামে তা আবার ঝুলে না পড়ে, সে দিকে সরকারের নজর দেওয়া প্রয়োজন।’