গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
রাজধানীর আজিমপুর চায়না গলির ১২৮ নম্বর বাসা থেকে আজ রোববার বেলা সাড়ে ১২ টার দিকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যু সম্পর্কে অসংলগ্ন তথ্য দিয়েছেন গৃহকর্তা। নিহত গৃহকর্মীর নাম গরিবুল্লাহ। তার বয়স ১০ বছর। পুলিশ জানিয়েছে, গৃহকর্মীর লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। গৃহকর্তা জুবায়ের নবী বলেন, গরিবুল্লাহ দেড় বছর ধরে তাঁর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে। আজ সকাল সাড়ে ১২ টার দিকে স্ত্রী ফারজানা ইয়াসমিন মুঠোফোনে জানান, গরিবুল্লাহ আত্মহত্যা করেছে। খবর পেয়ে তিনি নিউমার্কেটে তাঁর দোকান থেকে বাসায় যান। প্রতিবেশী কয়েকজনকে সঙ্গে নিয়ে গরিবুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করেন। তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গৃহকর্তা জুবায়ের নবী বলেন, শোবার ঘরে বাচ্চার দোলনার রশির সঙ্গে পেঁচিয়ে গরিবুল্লাহর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশ উপ পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, গৃহকর্মীর মৃত্যু সম্পর্কে সামঞ্জস্যহীন তথ্য পাওয়ায় গৃহকর্তা ও তাঁর সঙ্গে থাকা তিনজনকে তাঁরা আটক করেছেন। লালবাগ থানায় খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, গৃহকর্মী গরিবুল্লাহর বাবা, মায়ের নাম, ঠিকানা কিছুই জানাতে পারেননি গৃহকর্তা।