গৃহপালিত বিরোধী দল চায় সরকার: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করে গৃহপালিত বিরোধী দল তৈরি করে সরকার একটি নিয়ন্ত্রিত সংসদ চালাতে চায়। কিন্তু বিএনপি চায় নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন। যাতে সব দল সেখানে অংশ নিতে পারে। আজ বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে বিএনপির পক্ষ থেকে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হয়। ওই প্রতিবেদনে মির্জা ফখরুল এসব কথা বলেন।ফখরুল বলেন, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা দরকার। এটা না হলে নির্বাচন ফলপ্রসূ হবে না। ফখরুল আরও বলেন, ‘আমরা সব সময়ই যুদ্ধাপরাধীদের বিচার চাই। কিন্তু সে বিচার এমন হতে হবে, যাতে তা সত্যিকার অর্থেই স্বচ্ছ ও নিরপেক্ষ হয়।’ তিনি বলেন, সরকার যে প্রক্রিয়ায় যুদ্ধাপরাধীদের বিচার করছে, তা স্বচ্ছ নয়।