গৃহবধূ হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশালে বৃষ্টি বেগম নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে গতকাল বুধবার রাতে এক যুবককে সিদ্দিকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মো. আলকাস (২৪) নামের ওই যুবকের বাড়ি ঢাকার নবাবগঞ্জের শংকরখালীতে। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার বেলা একটায় মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের তথ্যকেন্দ্রে এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশের লালবাগ জোনের উপকমিশনার হারুন অর রশীদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৃষ্টিকে হত্যার কথা স্বীকার করেছেন আলকাস। হারুন জানান, জিজ্ঞাসাবাদে আলকাস বলেছেন, বৃষ্টির সঙ্গে তাঁর মুঠোফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয়। বৃষ্টিকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় বংশালের নর্থ সাউথ রোডে হোটেল নিউ শুভেচ্ছা ইন্টারন্যাশনালের ৩৪৫ নম্বর কক্ষে ওঠেন তিনি। হোটেলে এক দিন থাকার পর আলকাস জানতে পারেন বৃষ্টির স্বামী ও দুটি কন্যাসন্তান আছে। এ নিয়ে তাঁদের মধ্যে বাগবিতণ্ডা হয়। ৫ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে আলকাস বৃষ্টির গলায় ওড়না প্যাঁচিয়ে এবং মুখে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে ওই হোটেলের কক্ষে তালা দিয়ে পালিয়ে যান আলকাস। আরও জিজ্ঞাসাবাদের জন্য আলকাসকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হয়েছে।