গৃহবধূকে জুতাপেটা: হাইকোর্টের রুল জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপায় গ্রাম্য সালিসে এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। একই সঙ্গে ওই ঘটনা তদন্তে করে যথাযথ ব্যবস্থা নিতে পটুয়াখালীর পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।আজ ‘অনৈতিক সম্পর্কের ধোঁয়া: গলাচিপায় সালিসের নামে গৃহবধূকে জুতাপেটা’ শিরোনামে জাতীয় দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভানেত্রী ও মানবাধিকার কমিশনের সদস্য আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ এটা আদালতের নজরে আনেন এবং তা পড়ে শুনান। এরপর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারিসহ ওই নির্দেশন দেন।পরে ফাওজিয়া করিম প্রথম আলোকে বলেন, সাত দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে ওই ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে যথাযথ ব্যবস্থা নিতেও বলা হয়েছে।প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, গলাচিপা উপজেলার কল্যাণকলস গ্রামে সালিসের নামে এক গৃহবধূকে কয়েক শ মানুষের উপস্থিতিতে ২৭ সেপ্টেম্বর জুতাপেটা করা হয়। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানাও করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।