গৃহবধূকে দোররা, আসামিদের জামিনের নথি তলব
নওগাঁয় গৃহবধূ ও তাঁর স্বামীর বন্ধুকে দোররা মারার ঘটনায় করা মামলার আসামিদের জামিনের নথি তলব করেছেন হাইকোর্ট। ৮ মার্চের মধ্যে মামলার নথি পাঠাতে নওগাঁর মুখ্য বিচারিক হাকিমের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই মামলায় আসামিদের জামিন বাতিলের জন্য আবেদন করতে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ ছাড়া ওই মামলার তদন্ত কর্মকর্তা মাহাবুবুর রহমানকে ৮ মার্চ আদালতে হাজির হতে বলা হয়েছে। এদিকে এ-সংক্রান্ত শুনানিতে ব্যাখ্যা দানকারী হিসেবে আইন ও সালিশ কেন্দ্র (আসক) পক্ষভুক্ত হয়েছে। ২২ ফেব্রুয়ারি প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘গৃহবধূ ও তাঁর স্বামীর বন্ধুকে ১০১ দোররা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী শেখ আলী আহমেদ ও আসকের আইনজীবী অবন্তী নূরুল। প্রাথমিক শুনানি নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একই সঙ্গে ঘটনার ব্যাখ্যা জানাতে নওগাঁর ওসিসহ সালিসে অংশ নেওয়া চার ব্যক্তিকে তলব করেন। তাঁদেরকে ১ মার্চ আদালতে হাজির হতে বলা হয়। আদালতের এ নির্দেশনা অনুসারে আজ সকালে তাঁরা আদালতে হাজির হন। আদালতে আসকের পক্ষ থেকে আইনজীবী আবু ওবায়দুর রহমান ও অবন্তী নুরুল মামলা পরিচালনা করেন। ওসির পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। পরে অবন্তী নুরুল প্রথম আলোকে বলেন, আদালত ৪ মার্চের মধ্যে আসামিদের জামিন বাতিলের জন্য আবেদন করতে ওসিকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ওই মামলায় কয়েকটি ধারা সংযুক্ত করে হাবিবুল ও শহীদুল নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করতে ওসির প্রতি নির্দেশ দিয়েছেন।