গৃহবধূকে নির্যাতনের অভিযোগ তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে এক গৃহবধূকে ফতোয়ার নামে নির্যাতনের অভিযোগ তদন্ত করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটিকে সম্ভাব্য চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। একই সঙ্গে আদালত ১০ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।আজ সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।গত ৪ অক্টোবর ‘গৃহবধূকে মাটিতে পুঁতে পাথর ছোড়ার ফতোয়া!’ শিরোনামে জাতীয় দৈনিকে একটি প্রতিবেদন ছাপা হয়। এ প্রতিবেদন সংযুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে একটি আবেদন করা হয়। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬ অক্টোবর রুল জারি করেন আদালত।একই সঙ্গে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন এবং সালিসে অংশ নেওয়া স্থানীয় ইউপি সদস্য মাহফুজুল হককে ৫ নভেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। আজ শুনানি নিয়ে আদালত আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। ওসি ইফতেখার হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী নুরুল ইসলাম। ইউপি সদস্যের পক্ষে ছিলেন আইনজীবী মোফাজ্জাল হোসেন।পরে মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, মামলা গ্রহণে পুলিশের অবহেলা ছিল কি না, ফতোয়ার ঘটনা ঘটেছে কি না, এ অভিযোগ তদন্তে কমিটি গঠন করতে বলা হয়েছে।