গৃহবধূকে পুড়িয়ে হত্যা!
ট্রাকচালক সাজ্জাদ খান ও রূপসা পারভীনের সংসার বছর তিনেকের। তাঁদের এক বছরের একটি মেয়ে আছে। কিন্তু বিয়ের পরপরই সাজ্জাদ খান (৩০) যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতেন। স্ত্রীর অমতে তিনি দ্বিতীয় বিয়েও করেন। বাধ্য হয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে মামলা করেন রূপসা। একপর্যায়ে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন সাজ্জাদ। নিজ সংসারে ফিরে যান রূপসা। কিন্তু এতেও শেষরক্ষা হয়নি। অগ্নিদগ্ধ হয়ে রূপসা (২৬) গতকাল বৃহস্পতিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।রূপসা ও তাঁর পরিবারের সদস্যদের ভাষ্যমতে, মামলা তুলে নিতে রাজি না হওয়ায় শরীরে এসিড ও কেরোসিন ঢেলে তাঁকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি মাগুরার শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামের। রূপসার বাড়ি উপজেলার রাধানগর গ্রামে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাখাওয়াত হোসেন জানান, অগ্নিদগ্ধ রূপসাকে মুমূর্ষু অবস্থায় গতকাল ভোর পাঁচটার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক হূদয় রায় বলেন, রূপসার শরীরের বেশির ভাগ অংশই ঝলসানো ছিল। তবে বুক, পেট ও পিঠে পোড়ার পরিমাণ সবচেয়ে বেশি ছিল। হাসপাতালের স্টাফ নার্স মনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, রূপসা জানিয়েছেন, বুধবার দিবাগত রাত দুইটার দিকে স্বামী সাজ্জাদ খান পরিবারের অন্য সদস্যদের সহায়তায় তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন।তবে হাসপাতালে রূপসার শাশুড়ি রূপবান বেগম দাবি করেন, রাতে সাজ্জাদ ও রূপসা একই ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ ‘আগুন’ ‘আগুন’ চিৎকারে ঘুম থেকে উঠে তিনি দেখেন রূপসা অগ্নিদগ্ধ। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সাজ্জাদ খানের প্রতিবেশী আবুল কালাম বলেন, ‘রাতে চিৎকার-চেঁচামেচি শুনে সাজ্জাদের বাড়িতে গিয়ে দেখি রূপসার শরীর আগুনে পুড়ছে। সাজ্জাদ ও বাড়ির লোকজন পানি ঢালছে। রূপসা যন্ত্রণায় ছটফট করছে আর চিৎকার করে বলছে, তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছে।’ রাত তিনটার দিকে রূপসার অগ্নিদগ্ধ হওয়ার খবর পায় তাঁর পরিবার। বাবা আবুল কাশেম শেখ প্রথম আলোকে বলেন, ‘শুনেছি রাত আড়াইটার দিকে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে রূপসার মৃত্যুর কিছুক্ষণ পর আমরা সেখানে পৌঁছাই। এর আগেই রূপসার স্বামী-শ্বশুরসহ অন্যরা লাশ রেখে পালিয়ে যায়।’ আবুল কাশেম বলেন, ‘সাজ্জাদ প্রায়ই আমার মেয়ের কাছে টাকা দাবি করত। মারধর করত। কয়েকবার মেয়েকে আমার বাড়িতেও পাঠিয়ে দেয়। স্ত্রীর অমতে সে দ্বিতীয় বিয়েও করে। এ কারণে আদালতে করা মামলা এখনো বিচারাধীন। মামলা করার কারণে তারা আমার মেয়েকে পুড়িয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’এ প্রসঙ্গে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক প্রথম আলোকে বলেন, ‘শুনেছি গায়ে আগুন লেগে ওই গৃহবধূ মারা গেছেন। তবে এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।’