গৃহবধূকে ভণ্ড ফকিরের হাতে তুলে দেওয়ার পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর থেকেই মেয়েটি তাঁর শ্বশুরবাড়িতে গ্রামের এক ব্যক্তির আনাগোনা লক্ষ করেন। কারণে-অকারণে তিনি আসেন। পরে জেনেছেন, লোকটার নাম আলেক ফকির। বয়স প্রায় ৪২ বছর। মেয়েটির শ্বশুরবাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নে।একদিন ফকির এক ভয়ংকর কথা বললেন। দিনটা ২০০৯ সালের ২৫ ডিসেম্বর। তাঁর শ্বশুরবাড়িতে একটি সোনার ডেকচি আছে। তার ভেতরে আছে একটি সোনার পুতুল। চাইলে ফকির এই গুপ্তধন তাঁদের হাতে তুলে দিতে পারেন। এ কথা শুনে তাঁর শ্বশুরবাড়ির লোকজন পারলে ফকিরকে মাথায় তুলে নাচে। কী চাই ফকিরের। তাঁর জন্য শ্বশুরবাড়ির লোকজন জান দিয়ে দেবে। ওই দিন রাতে মেয়েটির শ্বশুর আজিজুল মণ্ডল (৫২), ভাশুর ফারুক (৩৫), শাশুড়ি বারিকজান বেগম (৪৮) ও স্বামী সান্টু মণ্ডল (২৮) ফকিরের সঙ্গে সলাপরামর্শে বসলেন। রাত ১২টার দিকে তাঁর ভাশুর ফারুকের শয়নকক্ষে ফকির আসন পাতলেন। ফকিরের দাবি, আসনে একটি যুবতী মেয়ে লাগবে। এবার কিছু বুঝে ওঠার আগেই মেয়েটিকে ফকিরের ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। তাঁকে ভেতরে পাওয়ামাত্র ফকির আসন থেকে উঠে দরজায় খিল লাগিয়ে দেন। ফকির তাঁকে প্রস্তাব করেন, এই গুপ্তধন তুলতে হলে তাঁর সঙ্গে স্বামী-স্ত্রীর মতো থাকতে হবে। এ কথা শুনে চমকে ওঠেন মেয়েটি। তিনি বলেন, তাঁর গুপ্তধনের দরকার নেই। স্বামী-সংসার নিয়ে অনেক ভালো আছেন। এ কথা বলেই তিনি দরজা খুলে বাইরে চলে আসেন। এদিকে দরজার বাইরেই তাঁর শ্বশুরবাড়ির লোকজন কান পেতে বসে ছিলেন। তিনি বাইরে আসামাত্র তাঁরা তাঁকে জোর করে ধরে আবার ঘরের ভেতরে ঢুকিয়ে দেন। এবার ফকির ঘরে খিল লাগিয়ে দিয়ে তাঁর ওপর পাশবিক নির্যাতন চালান। এভাবে ইচ্ছার বিরুদ্ধে জোর করে একে একে তাঁকে ২০-২৫টি আসনে পাঠানো হয়। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে মেয়েটি তাঁর বাবা-মাকে এ কথা জানিয়ে দেন। খবর পেয়ে শ্বশুরবাড়ির লোকেরা মেয়েটিকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এ বিষয়ে গত বছরের ১২ মার্চ তাঁর শ্বশুরবাড়িতে একটি সালিস বসে। কিন্তু ফকির ওই সালিসে উপস্থিত না হলে তা স্থগিত করা হয়। তারপর মেয়েটির আর ওই বাড়িতে থাকা সম্ভব হয়নি। তাঁকে বাবার বাড়িতে চলে আসতে হয়। পরে গত ৪ এপ্রিল ভালুকগাছি ইউনিয়ন পরিষদে এ বিষয়ে একটি সালিস ডাকা হয়, কিন্তু সেখানে তাঁর শ্বশুরবাড়ির কেউ উপস্থিত হয়নি। এরই মধ্যে স্বামী তাঁকে তালাক দেন। নিরুপায় হয়ে ৭ এপ্রিল মেয়েটি বাদী হয়ে ফকির, তাঁর শ্বশুর, শাশুড়ি, ভাশুর ও স্বামীর বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি মামলা করেন। এরপর ফকির ও তাঁর ভাশুর হাইকোর্ট থেকে জামিন নেন। অন্য আসামিরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের জেলহাজতে পাঠান। কিছুদিন পর তাঁরাও জামিন নিয়ে বের হয়ে আসেন। তাঁরা সবাই জামিনে আসার পর গত ৪ মে মেয়েটির শ্বশুরবাড়িতে আবার একটি সালিসের আয়োজন করা হয়। সালিসে মেয়েটি স্বামীর সংসার করতে চাইলেও তাঁর শ্বশুরের পরিবারের লোকজন তাঁকে মেনে নেয়নি। অবশেষে সালিসে তাঁদের তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁরা এই টাকা পরিশোধে ১০ দিন সময় নেন, কিন্তু এ সময় পার হয়ে গেলেও সেই টাকা আর দেননি। কিছুদিন পর তাঁরা আবার খবর দেন, জরিমানা দেওয়ার পরিবর্তে তাঁরা মেয়েকেই নেবেন। এ নিয়ে আবার এক দফা সালিস হয়। সালিসে সিদ্ধান্ত হয়, মেয়ের নামে ১৫ কাঠা জমি লিখে দিতে হবে। মামলার খরচ বাবদ মেয়ের বাবাকে ৭৫ হাজার টাকা দিতে হবে। তাঁরা তাতে রাজি হন। কিছুদিন পর আবার তাঁরা আগের সালিসের রায় মেনে তিন লাখ ৩০ হাজার টাকা দিতে চান। এখন তাঁরা কোনো রায়ই মানছেন না। মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিচ্ছেন। মেয়েটির বাবার পরিবার এ নিয়ে চরম সংকটে রয়েছে।নিরুপায় মেয়েটি ১৯ মে তাঁর বাবাকে সঙ্গে নিয়ে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে আসেন। তাঁর কোলে দুই বছর বয়সী শিশুসন্তান। মেয়েটি কোনো কথা বলতে পারছিলেন না। লজ্জায় লাল হয়ে এতটাই বিব্রত বোধ করছিলেন যে বাধ্য হয়ে তাঁকে পাশের একটি কক্ষে বসতে দেওয়া হয়। মেয়েটির বাবা তাজুল ইসলাম বলেন, তাঁর মেয়ে সপ্তম শ্রেণীতে পড়ত। বয়স তখন ১২-১৩ বছর। বিয়ের কথা তখন তার মাথায়ই ছিল না। এমন সময় অবস্থাসম্পন্ন পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে। তিনি গরিব মানুষ। বড় পরিবারের সম্বন্ধ পেয়ে মেয়ের বয়সের কথা ভুলে গিয়েছিলেন। ‘মেয়ে আমারে ছাড়তে চায়নি।’ বলতে বলতে তাঁর চোখ ভিজে যায়।মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে মেয়েটির স্বামী সান্টু মণ্ডল বলেন, তাঁরা কোনো সালিসই এখন মানতে পারছেন না। কারণ, মেয়েপক্ষ বলছে, জমি আগে রেজিস্ট্রি করে দিতে হবে। ‘আর আমাদের কথা, আগে বিয়ে রেজিস্ট্রি করতে হবে। কিন্তু ওরা আমাদের বিশ্বাস করতে পারছে না। তাহলে আমরা ওদের কীভাবে বিশ্বাস করি। এ জন্যই মীমাংসা হচ্ছে না।’ তিনি মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার কথা অস্বীকার করেন। তিনি ফকিরকে দিয়ে গুপ্তধন ওঠানোর ঘটনাও সাজানো নাটক বলে উড়িয়ে দেন। তাহলে পুলিশ কেন তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দিল, তিনটি সালিসেই কেন তাঁদের জরিমানা করা হলো—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কেউ নেই। আমরা গরিব মানুষ। সব ওদের লোক। জন্ম একদিন হয়েছে। মরণ একদিন হবে।’ (মেয়েটির সামাজিক অবস্থানের কথা বিবেচনা করে নাম প্রকাশ থেকে বিরত থাকা হলো)