গৃহবধূর এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত মিনিট বাকি। দ্রুত মেয়েকে তৈরি করছেন হাসিনা আক্তার। সোয়া সাতটার বেশি বেজে গেলে সকালের যানজটে পড়ে যাবেন, রিকশাও পাবেন না। দেরি হয়ে যাবে মেয়ের স্কুলের। এক হাতে মেয়ের চুল বাঁধছেন, আরেক হাতে মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছেন। আজ ভাগ্য ভালো। জ্যামে পড়তে হয়নি। সাড়ে সাতটার মধ্যেই পৌঁছে গেলেন বিদ্যালয়ের দরজায়। মেয়েকে ঢুকিয়ে দিয়ে এবার নিশ্চিন্ত হলেন হাসিনা আক্তার।সপ্তাহের পাঁচ দিনের চিত্র এটি। ছুটির দিনে তা একটু ভিন্ন। তবে সেদিন ব্যস্ততার পরিমাণ থাকে আরও বেশি। কারণ স্বামী ও মেয়ে দুজনই থাকে গৃহে। আর দশটা গৃহবধূর জীবন থেকে হাসিনা আক্তারের সাংসারিক জীবনটা একটু ভিন্ন। সাত বছরের মেয়ে লুবায়না হাসানকে নিয়েই তাঁর যত সাংসারিক কর্মকাণ্ড। জুনিয়র ল্যাবরেটরি স্কুলে প্রথম শ্রেণীতে পড়ছে লুবায়না। স্বামী নাজমুল হাসান ব্যবসার জন্য থাকেন কুমিল্লায়। আর হাসিনা থাকেন ঢাকার সেন্ট্রাল রোডে নিজস্ব বাড়িতে। অর্ধেকটা আবার ভাড়া দিয়েছেন। শুক্র ও শনিবার এসে থেকে যান মেয়ে ও স্ত্রীর সঙ্গে।ফিরে যাই আগের দৃশ্যে, যেখানে মেয়েকে ক্লাসে পাঠিয়ে মা বাইরে দাঁড়িয়ে আছেন। অপেক্ষা করছেন বান্ধবী কাশফিয়া আহমেদের জন্য। তিনি ছেলেকে দিতে আসবেন। কিছুক্ষণ পরই চলে এলেন তিনি। দুজনে গল্প করতে করতে এগিয়ে গেলেন আবাহনী মাঠের কোনায় অবস্থিত চায়ের দোকানে। উদ্দেশ্য, চা-পরোটা খাবেন। সকালের তাড়াহুড়োতে কিছুই খাওয়া হয় না। তাই রোজ এখানে এসে হালকা কিছু খেয়ে নেন। ঘড়িতে আটটা বাজতেই উঠে দাঁড়ান কাশফিয়া। অফিসে যাওয়ার সময় হয়ে এসেছে। বান্ধবীকে বিদায় দিয়ে হাসিনা আবারও চলে আসেন মেয়ের স্কুলের সামনে।শুরু হয় অপেক্ষার পালা। রোদে, বৃষ্টিতে, শীতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন মায়েরা। এ এক সীমাহীন কষ্ট। তার পরও হাসিমুখে মেনে নেন। কখনো বা দাঁড়িয়ে, কখনো বসে। পাশের ভাবির সঙ্গে কিছুক্ষণ গল্প করে সময় কাটান হাসিনা। ‘স্কুলে দিয়ে বাসায় যেতে যেতেই ১০টা বেজে যায়। লুবায়নার ছুটি হয় ১০টা ৫০ মিনিটে। বাসায় গিয়েই বের হতে হয়। এ কারণেই একবারে ছুটি হলে তবেই ফিরি।’ বললেন হাসিনা আক্তার। ক্লাসের শেষ ঘণ্টা বাজতেই উঠে দাঁড়ান হাসিনা। ভিড়ের মাঝে খুঁজতে থাকেন মেয়েকে। মাকে দেখে দৌড়ে আসে লুবায়না। হাতে পরীক্ষার খাতা। ২০-এর মধ্যে ২০ পেয়েছে সে। মেয়ের সাফল্যে হাসিনার ক্লান্তিকর চেহারায় ফুটে ওঠে হাসি।বাসায় ফিরতে ফিরতে বেজে যায় সোয়া ১১টা। আজ বাজার করতে হবে না। তাই একটু বিশ্রাম নিয়েই ঢুকে যান রসুইঘরে। তাড়াতাড়ি করে মেয়ের জন্য বানিয়ে দেন হালকা কিছু খাবার। কারণ মেয়ে আজ ঠিকমতো টিফিন খায়নি। মেয়েকে খাইয়ে আবারও হাতে তুলে নেন খুন্তি। এবার ডুবে যান দুপুরের রান্নার ব্যস্ততায়। একসঙ্গে করে নেবেন রাতের খাবারের আয়োজনও। ছুটা একটি মেয়ে আছে, সে কাজে কিছুটা সাহায্য করে। মাঝেমধ্যে দেখে যাচ্ছেন, মেয়ে কী করছে।দুপুরের খাবারের সময় হয়ে গেছে। কিন্তু মেয়েকে গোসলের জন্য তার পেছনে ছুটতে হচ্ছে হাসিনাকে। অবশেষে সে কাজটিও করা হলো। খাওয়া শেষে এবার একটু ঘুমানোর পালা। তবে সেটা শুধু মেয়ের জন্য। মায়ের কাজ এখনো বাকি আছে বৈকি। স্কুলব্যাগ থেকে সব খাতা বের করে দেখতে লাগলেন, কী কী পড়ানো হয়েছে আজ। ওয়ার্ক বুক দেখে বুঝে নিলেন, বাড়ির কাজ কী করতে হবে। এসব করতে করতেই ঘড়িতে পাঁচটা বাজে। বিকেলের নাশতা তৈরি করে মেয়ের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান। সন্ধ্যা হয়ে এলে পড়াতে বসান লুবায়নাকে। ‘সারা দিন কী এমন কাজ করো? ঘরেই তো বসে থাকো—এ ধরনের কথা শুনলে খুব মন খারাপ হয়ে যায়। তখন মনে হয়, কী করলাম সারা জীবন!’ অবসর সময়টুকুতে বসে সে কথাই বলছিলেন হাসিনা আক্তার। সারা দিনে রাতের খাবারের আগে বা পরে একটু সময় কাটান নিজের মতো করে। গান শোনেন। টিভি খুব একটা দেখা হয় না। একটু পরই লুবায়নার স্কুলের পোশাক ইস্ত্রি করতে উঠে পড়বেন। ঘরের খুঁটিনাটি না করা কাজগুলো গুছিয়ে রাখতে হবে। সকালে উঠতে হবে ছয়টার সময়।