গৃহবধূর কী দোষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করত গ্রামের বখাটে যুবক হাবু মাদবর। একরাতে ঘরে ঢুকে ওই গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করে সে। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যায় হাবু। এ ঘটনায় সালিস বৈঠক হলে বখাটে হাবুর সঙ্গে ওই গৃহবধূকেও ১০১টি করে জুতাপেটা করেন সমাজপতিরা। গত বুধবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের একটি গ্রামে এই সালিস হয়।এর আগের দিন মঙ্গলবার একই উপজেলার চামটা গ্রামে ফতোয়াবাজদের দোররার আঘাতে ধর্ষণের শিকার কিশোরী হেনার মৃত্যু হয়।মোক্তারের চর ইউনিয়নের ওই গ্রামের বাসিন্দারা জানান, হাবু এক প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত। এ নিয়ে এলাকায় আরও দুই দফা সালিস হয়। তখন সমাজপতিরা হাবু মাদবরের বাবা আয়নাল মাদবরকে সতর্ক করে দেন। মঙ্গলবার রাতে হাবু ওই গৃহবধূর ঘরে ঢুকে তাঁর শ্লীলতাহানির চেষ্টা চালায়। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হাবু পালিয়ে যায়। রেখে যায় তার মুঠোফোন, জামা ও মাফলার। পরদিন এলাকার আলাউদ্দিন বেপারী, মকবুল হোসেন মোল্লা, কাদির মীর ও শামসুল হক বেপারীর নেতৃত্বে ওই গৃহবধূর বাড়িতে সালিস বৈঠক বসে। সালিসে শামসুল হক বেপারী হাবু ও গৃহবধূকে অভিযুক্ত করে উভয়কেই ১০১টি করে জুতাপেটা করার রায় ঘোষণা করেন। তখন সালিসকারীদের নির্দেশে গৃহবধূর বাবা মেয়েকে জুতাপেটা করেন। আর হাবু মাদবরকে জুতাপেটা করেন তার বাবা।খবর পেয়ে গতকাল শুক্রবার ওই গ্রামে গিয়ে গৃহবধূর সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি কাঁদতে থাকেন। অনেক অনুরোধ করলেও তিনি কোনো কথা বলেননি।গৃহবধূর শাশুড়ি প্রথম আলোকে বলেন, ‘পুত্রবধূ আমার কাছে থাকে। অনেক দিন থেকেই তাকে বিরক্ত করত হাবু। বিষয়টি এলাকার মুরব্বিদের জানানোর পর তাঁরা হাবুকে সতর্ক করে দেন। ওইদিন রাতে হাবু ঘরে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা চালায়। এলাকার মুরব্বিদের কাছে বিচার দিলে তাঁরা হাবুর সঙ্গে সঙ্গে আমার পুত্রবধূকেও জুতাপেটা করার রায় দিয়েছেন।’প্রতিবেশী শরীফ বলেন, ‘অন্যায় করল হাবু, আর তার সঙ্গে মেয়েটিকেও সবার সামনে শাস্তি দেওয়া হলো। এলাকার সালিসকারীরা কেন এ রকম সিদ্ধান্ত নিলেন, আমরা জানি না।’ আরেক প্রতিবেশী হামিদা বেগম বলেন, ‘হাবুকে প্রায়ই দেখতাম এই বাড়ির আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতে। মেয়েটিকে বিভিন্ন ধরনের অশ্লীল মন্তব্য ও প্রেম নিবেদন করত। কিন্তু মেয়েটির এখানে কী অপরাধ, আমরা বুঝতে পারছি না। মেয়েটিকে জুতাপেটা করে অন্যায় হয়েছে।’সালিসকারী আলাউদ্দিন বেপারী প্রথম আলোকে বলেন, ‘ছেলে-মেয়ে উভয়েই দোষী থাকায় দুজনকেই জুতাপেটা করার রায় দেওয়া হয়েছে। আমরা এলাকার ঘটনা নিজেরা মীমাংসা করায় পুলিশকে জানাইনি। তা ছাড়া সব ঘটনা প্রচলিত আইনের আওতায় আনা যাবে না।’ অন্য সালিসকারী কাদির মীর বলেন, ‘এলাকার শান্তি বজায় রাখতে মুরব্বিরা বসে উভয়কে শাস্তি দিয়েছেন। যাতে এলাকার আর কোনো মানুষ এ ধরনের ঘটনা না ঘটাতে পারে।’মোক্তারের চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম চৌকিদার বলেন, ‘এলাকায় এ রকম একটি ঘটনার কথা শুনেছি। বিষয়টির বিস্তারিত খোঁজখবর নিয়ে পুলিশকে জানাব।’ শরীয়তপুরের পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান জানান, ‘বিষয়টি আমাদের নজরে এখনো আসেনি। নড়িয়া থানার পুলিশকে বলব খোঁজ নিয়ে ব্যবস্থা নিতে।’