হুমকির পর মিরপুরের গৃহবধূ মাকসুদার নিরাপত্তায় তাঁর বাসার সামনে পাহারা বসিয়েছে পুলিশ। তবে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হয়নি।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, মিরপুর বিভাগের উপকমিশনার গতকাল মঙ্গলবার রাতেই ওই বাসার সামনে সাদা পোশাকে পুলিশের পাহারা বসানোর আদেশ দেন। এর পর থেকে সেখানে পাহারা বসানো হয়। সাদা পোশাকধারী পুলিশ সেখানে নজরদারি করছে।কাজী ওয়াজেদ আলী দাবি করেন, ঘটনাটি যাচাইয়ের জন্য পুলিশ কর্মকর্তা সন্ত্রাসীর মুঠোফোনে কথা বলেছিলেন। কৌশলগত দিক থেকে এটা ভুলও হতে পারে।গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর মিরপুর ২ নম্বর সেকশনে চাঁদাবাজদের বিরুদ্ধে মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন গৃহবধূ মাকসুদা বেগম। জিডি করে বের হওয়ার আগে থানার সরকারি নম্বর থেকে কর্তব্যরত এএসআই আবুল হোসেন এই জিডির তথ্য সন্ত্রাসীদের কাছে ফাঁস করে দেন। এ সময় তাঁর মুঠোফোনে বিকাশ নামে এক ব্যক্তি নিজেকে সন্ত্রাসী পরিচয় দিয়ে হুমকি দিয়ে বলে, ‘থানায় জিডি করেছেন, ‘আপনার ছেলের স্কুলে আর যাওয়া হবে না। কাফনের কাপড় প্রস্তুত রাইখেন।’ সন্ত্রাসী বিকাশ ও মামুন পরিচয়ে তিন লাখ টাকা চাঁদার জন্য গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মুঠোফোনে তাঁকে ২০ বার হুমকি দেওয়া হয়। এ নিয়ে প্রথম আলোতে আজ খবর ছাপা হয়।গৃহবধূ মাকসুদা বেগম প্রথম আলোকে বলেন, পুলিশের মিরপুর উপকমিশনার ইমতিয়াজ আহমেদ ও ওসি কাজী ওয়াজেদ আলী আজ তাদের দপ্তরে নিয়ে ঘটনার বিষয়ে বিস্তারিত শোনেন। তাঁর নিরাপত্তায় পুলিশ পাশে থাকবে বলেও তাঁকে আশ্বস্ত করা হয়েছে। মাকসুদা বলেন, ‘এখনো তার আতঙ্ক কাটছে না। এখন পুলিশ তার খোঁজ নিলেও সব সময় তো আর তারা থাকবে না। তখন আমাদের কী হবে?’ তিনি আরও বলেন, ‘আমার ছেলে স্কুলে যায়, কোচিংয়ে যায়।’