গৃহবধূর মৃত্যু, জড়িত থাকার কথা স্বীকার আটক তিনজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের শিমুলতলা এলাকায় ধর্ষণ চেষ্টার শিকার হয়ে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে গৃহবধূ মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আজ রোববার পুলিশ এ দাবি করেছে। পুলিশ সূত্রে জানা যায়, ইব্রাহীম, সুজন ও ফিরোজ এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁরা দিনে বাসের চালক, সুপারভাইজার ও সহকারীর চাকরি করতেন। আর রাতে ঢাকা-আরিচা মহাসড়কসহ নবীনগর-কালিয়াকৈর সড়কে ছিনতাই করতেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার উপপরিদর্শক (এসআই) কাইসার মাতুব্বর প্রথম আলো ডটকমকে বলেন, ‘বাসটিতে মোট আটজন সন্ত্রাসী ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা বাকি পাঁচজনের পরিচয়ও জানিয়েছেন। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ তিনি আরও বলেন, তিনজনকে গ্রেপ্তারের পর অন্য আসামিদের সঙ্গে একত্রে মামলার বাদী ওই গৃহবধূর স্বামীকে দেখানো হয়। সেখান থেকেই অভিযুক্তদের শনাক্ত করেন বাদী। পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত ইব্রাহীম জানান, তাঁরা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাঁদেরকে (গৃহবধূ ও তাঁর স্বামী) কৌশলে বাসে তোলেন। পরে ঘটনা অন্যদিকে মোড় নেয়। এ সময় বাসে থাকা অন্যরা গৃহবধূকে টানাহেঁচড়া করতে থাকেন। একপর্যায়ে ওই গৃহবধূ ভয়ে গাড়ি থেকে লাফ দিলে চাকায় পিষ্ট হয়ে মারা যান।’ উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে নিহত গৃহবধূ তাঁর স্বামীর সঙ্গে সাভারের বক্তারপুরে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। রাতে সাভারে থাকার কথা থাকলেও এক আত্মীয়ের অনুরোধে তাঁরা রাত সাড়ে ১১টার দিকে জিরানীর উদ্দেশে বাসা থেকে বের হন। রাত ১২টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকার রাজ্জাক প্লাজার সামনে থেকে ‘গ্রামীণ সেবা’ পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে ওঠার পরপরই বাসের দরজা বন্ধ করে আলো নিভিয়ে যাত্রীবেশী সন্ত্রাসীরা ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় সম্ভ্রম বাঁচাতে ওই গৃহবধূ বাস থেকে লাফিয়ে পড়লে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান।এ ব্যাপারে নিহত গৃহবধূর স্বামী বাদী হয়ে গতকাল শনিবার দুপুরের দিকে সাভার থানায় মামলা দায়ের করেন। ওই দিন বিকেলের দিকে পুলিশ অভিযান চালিয়ে সাভারের হেমায়েতপুর থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে।