গৃহবন্দিত্বের পর পোলানস্কি প্রথম জনসমক্ষে এলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিন আগে সুইজারল্যান্ডে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর চলচ্চিত্র পরিচালক রোমান পোলানস্কি গতকাল শনিবার প্রথমবারের মতো জনসমক্ষে দেখা দেন।পোলানস্কি মনট্রিউ জ্যাজ ফেস্টিভ্যালে তাঁর স্ত্রীর সংগীত পরিবেশনা দেখতে গিয়েছিলেন। তবে তিনি গণমাধ্যমগুলোকে কিছুই বলেননি।অবশ্য সুইস টেলিভিশনকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি তাঁর সুইস সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। সাক্ষাৎকারটি পরে সম্প্রচারিত হবে।এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, ১৯৭৭ সালে একটি অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে যৌন মিলনের দায়ে তাঁর বিচার করার উদ্দেশে যুক্তরাষ্ট্র পোলানস্কিকে তার কাছে প্রত্যর্পণের জন্য চাপ দিয়ে যাবে। তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের জারি করা একটি গ্রেপ্তারি পরোয়ানা ১৮৮টি দেশে বলবত্ আছে।সুইস টেলিভিশনকে পোলানস্কি বলেন, ‘এ মুহূর্তে খুশি যে আমি মুক্ত। যা এর আগে আমাকে করতে দেওয়া হতো না, তা এখন করতে পারি, সে জন্যও আমি খুশি।’ পোলানস্কির স্ত্রী, অভিনেত্রী ও গায়িকা ইমানুয়েল সেইনার, তাঁর এক ঘণ্টা স্থায়ী সংগীত পরিবেশনকালে তাঁর স্বামীর কথা একবারও উল্লেখ করেননি, আর পোলানস্কিও মঞ্চে ওঠেননি।পোলানস্কির প্রত্যর্পণের জন্য যুক্তরাষ্ট্র কোনো গ্রহণযোগ্য যুক্তি দেখাতে পারেনি—এ সিদ্ধান্তে উপনীত হওয়ার পর সুইস বিচার মন্ত্রণালয় তাঁর মুক্তি দেওয়ার আদেশ দেয়।—বিবিসি অনলাইন