গৃহবন্দিত্বের মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে করা সু চির আপিল খারিজ
গৃহবন্দিত্বের মেয়াদ ১৮ মাস বাড়ানোর বিরুদ্ধে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির করা আপিল আজ শুক্রবার খারিজ করে দিয়েছেন সে দেশের সুপ্রিম কোর্ট। ইয়াঙ্গুনে অবস্থিত সুপ্রিম কোর্ট সকাল ১০টায় এ রায় দেন বলে বিবিসি জানায়। ২০ বছরেরও বেশি সময় গৃহবন্দী ছিলেন সু চি। সাধারণ নির্বাচনে জয়ের পর ৬৪ বছর বয়সী অং সান সু চির গৃহবন্দিত্বের মেয়াদ গত বছরের মাঝামাঝি সময়ে শেষ হয়ে যায়। ওই সময় এক মার্কিন নাগরিক লেক পাড়ি দিয়ে সু চির বাড়িতে ঢুকে পড়েন। সামরিক জান্তা সু চির বিরুদ্ধে গৃহবন্দিত্বের শর্ত ভঙ্গ ও দেশের আইন অমান্যের অভিযোগ এনে গত আগস্টে তাঁর গৃহবন্দিত্বের মেয়াদ আরও বাড়ানোর নির্দেশ দেয়। এ রায়ের বিরুদ্ধে সু চি নিম্ন আদালতে আবেদন করলে গত অক্টোবরে তা খারিজ হয়ে যায়। পরে সু চি সুপ্রিম কোর্টে আবার আপিল করেন।উল্লেখ্য, দেশটির সামরিক সরকার সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় বাধা দেওয়ার জন্য সু চির গৃহবন্দিত্বের মেয়াদ বাড়ানো হয়েছে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন। নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ করা হয়নি।