গৃহযুদ্ধ লিবিয়াকে আরেকটি সোমালিয়ায় পরিণত করবে: মুসা কুসা
লিবিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসা সতর্ক করে দিয়ে বলেছেন, বিভক্তির কারণে তাঁর দেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে। আর এর ফলে লিবিয়া আরেকটি সোমালিয়ায় পরিণত হবে। গাদ্দাফির একসময়ের বিশ্বস্ত সহযোগী মুসা কুসা লিবিয়া ত্যাগ করে এখন ব্রিটেনে অবস্থান করছেন। গতকাল সোমবার বিবিসিকে তিনি তাঁর এই আশঙ্কার কথা জানান।ব্রিটেনে আসার পর গতকালই মুসা মুখ খোলেন। লিবিয়ার বিদ্রোহীরা আফ্রিকান ইউনিয়নের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলে তিনি এই মন্তব্য করেন।মুসা কুসা বলেন, বিভক্তির কারণে লিবিয়ায় গৃহযুদ্ধ শুরু হতে পারে, যা দেশটিকে আরেকটি সোমালিয়ায় পরিণত করতে পারে। এ ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য তিনি সব পক্ষের মধ্যে ঐক্য অপরিহার্য বলে মন্তব্য করেন। মুসা বলেন, যেকোনো স্থিতিশীলতার জন্য লিবিয়ায় ঐক্য জরুরি।মুসা কুসা বলেন, ‘আমি সবাইকে অনুরোধ জানাই, সবাই যেন লিবিয়ায় গৃহযুদ্ধ চলছে—এমন মন্তব্য পরিহার করেন। কারণ ওই রকম মন্তব্য সেখানে আরও রক্ত ঝরাবে এবং লিবিয়াকে আর একটি সোমালিয়ায় পরিণত করবে।’ এদিকে আফ্রিকান ইউনিয়নের যুদ্ধবিরতির প্রস্তাবে গাদ্দাফি রাজি হওয়ার পরও গতকাল সোমবার তাঁর অনুগত সেনারা মিসরাতা শহরে বিদ্রোহীদের ওপর হামলা চালায়।